আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপমহাপরিচালক জিলবার্ট ফসুন হুগবো বলেছেন, সাভার ট্র্যাজেডির পর শ্রমিকদের নিরাপদ কর্মস্থল, ক্রেতাদের জন্য আস্থা আর অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা বাস্তবায়ন জরুরি। সরকার, মালিক ও শ্রমিক সমন্বয়ে ত্রিপক্ষীয় পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আইএলও উপমহাপরিচালক রানা প্লাজা ধসের পর বিদেশি ক্রেতাদের বাংলাদেশি তৈরি পোশাক আমদানি অব্যাহত রাখার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশি পণ্য বয়কট করে সংকটের কোন সমাধান হবে না বরং বিদেশি ক্রেতাদের কর্মপরিকল্পনা বাস্তবায়নে অবদান রাখতে হবে।
গত ২৪ এপ্রিল সাভারে মর্মান্তিক রানা প্লাজা ধসের পর আইএলও’র একটি উচ্চপর্যায়ের মিশন নিয়ে ১ মে ঢাকা আসেন জিলবার্ট হুগবো। চারদিনের সফর শেষে গতকাল শনিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব শহীদুল হক, শ্রম সচিব মিখাইল শিপার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিক্তি সচিব মর্তুজা আহমেদ বক্তব্য রাখেন। এছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার উপস্থিত ছিলেন। বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক ও শ্রমিক প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
আইএলও ডিডিজি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিদেশি ক্রেতারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা অব্যাহত রাখবেন আশা করি। এখন এমনই সময় এসেছে সব পক্ষ মিলে একসাথে কাজ করতে হবে। গৃহীত কর্মপরিকল্পনা ও প্রদত্ত প্রতিশ্রুতি জনগণের জন্য বাস্তবায়ন করতে হবে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সরকার, শ্রমিক ও মালিকরা মিলে ত্রিপক্ষীয় একটি সমঝোতায় উপনীত হয়েছে। সমঝোতা অনুযায়ী স্বল্প ও দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে শ্রম আইন সংশোধন বিষয়ে একটি প্যাকেজ বিল আনা হবে। এই বিলে শ্রমিকদের সংগঠনের অধিকার, কর্মপরিবেশ, নিরাপত্তা, স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার বিধান থাকবে।
প্রতিটি তৈরি পোশাক কারখানার নির্মাণ পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এ বছরের মধ্যে মূল্যায়ন চূড়ান্ত হবে। রানা প্লাজা, স্মার্ট গার্মেন্টস, তাজরিন ফ্যাশনে সংঘটিত দুর্ঘটনায় আহত শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আগামী ৬ মাসের মধ্যে অতিরিক্ত ২০০ পরিদর্শক নিয়োগ দেয়া হবে। কলকারখানা পরিদর্শন বিভাগকে অধিদপ্তরে রূপান্তর করা হবে। এ প্রতিষ্ঠানটি ৮০০ পরিদর্শকসহ জনবল নিয়োগ করবে ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ পাবে।
আইএলও এসব পরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে। সংস্থাটির উপমহাপরিচালক বলেন, এসব পরিকল্পনা নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন হলে কাঙ্ক্ষিত সুফল আসবে। ট্রেন চলতে শুরু করেছে। গন্তব্যে পৌঁছবেই।
পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, বিদ্যমান পরিস্থিতিতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বেছে নিয়েছে গার্মেন্টস খাত। সময়টা এখন ‘টার্নিং পয়েন্ট’। কেবল গার্মেন্টস খাতের জন্য নয়, শ্রম অধিকারের ক্ষেত্রেও নতুন করে পরিবর্তন আনার ব্যবস্থা নেয়া হয়েছে।
বিজিএমইএ নেতৃবৃন্দ জানান, আমাদের নিজস্ব উদ্যোগে প্রতিটি কারখানরর নির্মাণ মান, বিল্ডিং কোড বিষয়ে তথ্য নেয়া হচ্ছে। সহসাই নিম্নমানের কারখানাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
