হেফাজতের ঢাকা অবরোধ আজ

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৪৫
ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি আজ। সংগঠনটির নেতাকর্মীরা আজ রবিবার ফজরের নামাজের পর রাজধানীর প্রবেশ পথগুলোতে অবস্থান নেবেন বলে জানা গেছে। একই সঙ্গে রাজধানীমুখী সকল রেল ও নৌ-পথও অবরোধ করবেন তারা। সংগঠনের ১৩ দফা মেনে নেয়ার জন্য গত ৬ এপ্রিল লংমার্চ থেকে সরকারকে ৩০ এপ্রিল পর্যন্ত আলটিমেটাম দিয়ে এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় হেফাজত। অবরোধ কর্মসূচি পালন করতে দৈনিক বাংলা মোড়ে সমাবেশ করার অনুমতিও চেয়েছিলো তারা। কিন্তু হেফাজতকে সেই অনুমতি না দিয়ে যাত্রাবাড়ী অথবা লালবাগে সমাবেশ করার প্রস্তাব দেয় পুলিশ। তবে পুলিশের এই প্রস্তাবে সাড়া দেয়নি সংগঠনটি। এদিকে হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফী ঢাকায় পৌঁছে গতকাল শনিবার দুপুরে সংগঠনের লালবাগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, ইতিমধ্যেই অবরোধ সফলের সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে পৌঁছেছেন। আরো লাখ লাখ সমর্থক ঢাকার পথে রয়েছে। তারা আজ ফজরের নামাজের আগেই অবরোধ স্থানে এসে পৌঁছাবে। সরকারের হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করে যারা ঢাকা অভিমুখে রওনা দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া তাদের আর কেউ রুখতে পারবে না। শাহ শফী বলেন, ১৩ দফা ঈমানি আন্দোলন। ক্ষমতা থেকে সরানো বা ক্ষমতায় বসানোর জন্য এ আন্দোলন নয়। সংবাদ সন্মেলনে আল্লামা শফীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা মুফতি ফয়জুল্লাহ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী। ফজরের নামাজের পর অবরোধ শুরু হবে, তবে কখন এটি শেষ হবে—এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে নেতারা বলেন, হেফাজতের আমীর যখন নির্দেশ দেবেন তখনই অবরোধ শেষ হবে। তারা জানান, উত্তরা, কাঁচপুর ব্রিজ, পোস্তগোলা ব্রিজ, ডেমরা, গাবতলী ও বাবুবাজার ব্রিজসহ ঢাকার প্রতিটি প্রবেশ পথেই হেফাজতের নেতাকর্মীরা অবস্থান নিবেন। বিকালে রাজউক এভিনিউ ক্রসিং-এ (দৈনিক বাংলা মোড়) সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে গতকাল শনিবার রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএমপি হেফাজতকে রাজধানীর ভিতরে সমাবেশের অনুমতি দেয়নি। অনুমতি পাওয়া না গেলে কিভাবে, কোথায় সমাবেশ করা হবে—এ প্রশ্নের জবাবে হেফাজত নেতারা বলেন, পরিস্থিতিই বলে দিবে কি করতে হবে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা হেফাজতের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। তবে কোন ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। হেফাজতকে পুলিশ কর্মকর্তরা লালবাগ অথবা যাত্রাবাড়ীতে সমাবেশ করার কথা বললেও নেতৃবৃন্দ রাজি হননি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, হেফাজতের বক্তব্য পরিষ্কার:অস্পষ্টতা বা ধূম্রজালের আশ্রয় না নিয়ে অবিলম্বে ১৩ দফা দাবি সরকারকে মেনে নিতে হবে। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিত্সা, গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি এবং মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার করতে হবে। অবরোধ কর্মসূচি সফল করার ব্যাপারে সহায়তা না দিয়ে বিকল্প পথে অগ্রসর হলে তার জন্য সরকারকেই চরম মাশুল গুনতে হবে। যেকোন মূল্যে অবরোধ সফল করা হবেই। গত শুক্রবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য সম্পর্কে আল্লামা শফী বলেন, হেফাজতের ১৩ দফা দাবি এবং চলমান অহিংস আন্দোলনের সঙ্গে সরকারের কোন কোন কট্টর বামপন্থি মন্ত্রীর মিথ্যাচারপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিধ্বনি প্রধানমন্ত্রীর কথায় ফুটে উঠেছে। সংগঠনের নেতাকর্মীদের ওপর প্রশাসন ও সরকার দলীয় লোকদের নির্বিচার নির্যাতনের পরও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হেফাজতের প্রতি জঙ্গিবাদের অভিযোগ বেদনাদায়ক। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রকৃতপক্ষে সরকার ও সরকার দলীয় লোকদের সন্ত্রাসী কর্মকাণ্ড আড়াল করার অপচেষ্টা বলেই প্রতীয়মান হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে হেফাজতের কেন্দ ীয় নায়েবে আমীর মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, উপদেষ্টা মাওলানা আব্দুল লতিফ নেজামী, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন । সিলেট অফিস জানায়, জেলা হেফাজত এক হাজারেরও বেশি গাড়ির বহর নিয়ে অবরোধ কর্মসূচিতে যোগ দেয়ার প্রস্তুতি নিয়েছে। শুক্রবার রাতে জেলা কমিটির কর্মসূচিতে অংশ নেয়ার যাত্রাপথ ঘোষণা করা হয়। সভায় নেতাকর্মীদের কাফেলার সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্য একটি মনিটরিং সেলও গঠন করা হয়। রংপুর প্রতিনিধি জানান, বিভাগের ৮ জেলা থেকে ঢাকা অবরোধ করতে হেফাজতে ইসলামের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। নেতাকর্মীরা নির্দিষ্ট যানবাহন ভাড়া না করে ট্রেন কোচ ও দূরপাল্লার যানবাহনে সাধারণ যাত্রীবেশে ঢাকার উদ্দেশে রওনা হন। এদিকে রংপুর বিভাগের বিএনপি ও জামায়াতের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে যোগ দেয়ার জন্য ঢাকা গেছেন বলে জানা গেছে। হোমনা সংবাদদাতা জানান, কুমিল্লার হোমনা উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান শুকনো খাবার নিয়ে আজ ঢাকা অবরোধে যোগ দিচ্ছেন। একাধিক হেফাজত কর্মী জানান, লংমার্চের মত সরকার বাধা দিতে পারে এই আশংকায় তারা একদিন আগেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।