আজ জিতলেই জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ বাংলাদেশের। সমীকরণ সহজ, তারপরও একশভাগ নিশ্চিত হয়ে কি মাঠে নামতে পারবে মুশফিকরা? শুক্রবার বুলাওয়েতে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১২১ রানের বড় জয় পেয়ে স্বাভাবিকভাবে এগিয়ে রয়েছে মুশফিকের বাহিনী। এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়ে জিম্বাবুয়েকে আজও হারাতে চায় বাংলাদেশ।
বুলাওয়ের কুইন্স ক্লাব মাঠে গত নয় ম্যাচের সাতটিই বাংলাদেশের। এই পরিসংখ্যানেও প্রতিপক্ষ শিউরে উঠবে। তার ওপর প্রথম ওয়ানডেতে ২৭০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। বুলাওয়ের টিম হোটেলে প্রথম ওয়ানডে শেষে রাতে টিম মিটিংয়ে খেলোয়াড়দের ওপর ক্ষোভ ঝেড়েছে জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে বোলারদের ওপর ক্ষোভের ঝড় বয়ে গেছে সে রাতে। প্রথম ম্যাচে একমাত্র সফল বোলার সিংগি মাসাকাজ্জা যিনি চার উইকেট নিয়েছিলেন, তার বোলিং থেকেও অনেকগুলো ওয়াইড এসেছে। অতিরিক্ত থেকে এসেছে ৩৬ রান, তার মধ্যে ওয়াইড ছিল ১৮টি! কাল সারাদিন নেটে বোলারদের পরীক্ষা নিয়েছেন কোচ। নেটের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে আটকানোর মন্ত্র পড়েছেন। কারণ আজকের ম্যাচ জিম্বাবুয়ের জন্য বাঁচা-মরার ম্যাচ। জিততেই হবে, নইলে ওয়ানডে সিরিজ খোয়াতে হবে স্বাগতিকদের। যে মন্ত্র দিয়ে মুশফিকদের আটকানোর কৌশল খুঁজছেন, মাঠে কি তার প্রয়োগ হবে? কারণ ধীরে ধীরে ভরসার প্রতীক হওয়া মিডল অর্ডার এখন বাংলাদেশের মূল শক্তি।
নাসির হোসেনের ধারাবাহিক সফলতা এবং মোহাম্মদ আশরাফুল ও মোমিনুল হকের মাঝারি মানের ইনিংসগুলো জয়ের ভিত গড়ে দিচ্ছে। নাসির নিজেকে অনেক উঁচুতে নিয়ে যাচ্ছেন। তিনিই একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান যার ব্যাটিং স্ট্রাইক রেট ৮০-এর ওপরে। শুধু কি তাই, ইনজুরির সাথে দুই মাস লড়াই করে মাঠে ফিরেই বাজিমাত করেছেন শফিউল ইসলাম। আর চমকের তালিকায় জিয়াউর রহমানের নামটি থাকবে সবার ওপরে। দুর্দান্ত বোলিং করেছেন তিনি। পাঁচ উইকেট নিয়ে জিয়া বাংলাদেশি পেস বোলার হিসেবে রেকর্ডের খাতায় নামও লিখিয়েছেন। মাশরাফি বিন মুর্তজা, আফতাব আহমেদ ও ফরহাদ রেজার পর চতুর্থ বোলার হিসেবে পাঁচ উইকেট শিকার তার।
