নাশকতার আশঙ্কা!

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৪৬
হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে ভয়াবহ নাশকতার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও গোয়েন্দারা তথ্য নিয়ে নিশ্চিত হয়েছেন, জামায়াত-শিবিরের একটি গ্রুপ হেফাজতের মধ্যে ঢুকে ধ্বংসাত্মক কিছু করার চেষ্টা করবে। গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম নিজেই গতকাল ইত্তেফাকের কাছে এই আশঙ্কার কথা বলেছেন। গতকাল শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে হেফাজত নেতাদের সঙ্গে বৈঠক করে পুলিশ কর্মকর্তারা তাদের আশঙ্কার কথা বলেছেন। তবে কোনোভাবেই রাজধানীতে হেফাজত নেতাকর্মীরা কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে পারবে না। পুলিশ তাদের এ ধরনের কোনো অনুমতিও দেয়নি। পুলিশের নিষেধাজ্ঞা ভেঙে কেউ আইন অমান্য করার চেষ্টা করলে কঠোর এ্যাকশনে যাবে পুলিশ। এসব আশঙ্কা থেকেই গতকাল রাতে র্যাব ও পুলিশের পাশাপাশি রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশিও শুরু করেছে পুলিশ। কওমী মাদ্রাসা ও রাজধানীর আবাসিক হোটেলগুলোতে বিশেষ নজরদারি করছে পুলিশ ও গোয়েন্দারা। গতকাল সন্ধ্যা থেকে অজানা শঙ্কায় রাজধানীতে লোকজন ও যান চলাচল কমে যায়। জরুরি কাজ ছাড়া কেউই সন্ধ্যার পর রাস্তায় বের হয়নি। যানবাহন কমে যাওয়ায় ঘরে ফেরা মানুষের দুর্ভোগের অন্ত ছিল না। থমথমে অবস্থা বিরাজ করছে গোটা রাজধানী জুড়ে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান ইত্তেফাককে বলেন, ‘হেফাজত নেতাদের জানিয়ে দেয়া হয়েছে, তারা পূর্বঘোষিত কর্মসূচি পালন করবে। এর বাইরে অন্য কিছু করা যাবে না। আইন ভঙ্গ করে কেউ জনগণের জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ কঠোর হস্তে তা দমন করবে।’ তিনি বলেন, হেফাজত নেতাদের বলা হয়েছে, তারা যেন কোনো ধরনের গুজবে কান না দেন। স্বার্থান্বেষী মহল তাদের মধ্যে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। সে কারণে তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। আইনের ব্যত্যয় ঘটালে কাউকে ছাড় দেয়া হবে না বলেও পুলিশের পক্ষ থেকে হেফাতদের নেতাদের সাফ জানিয়ে দেয়া হয়েছে। অপর একজন পুলিশ কর্মকর্তা বলেন, হেফাজতের কর্মসূচিকে ঘিরে নাশকতার জন্য আগে থেকেই জামায়াত-শিবির কর্মীরা লাঠিসোঁটা জড়ো করেছে। গতকাল বিকালে ফকিরাপুল থেকে গজারি লাঠি বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। এ কারণেই রাজধানীতে তাদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেয়া হবে না। গোয়েন্দাদের একটি সূত্র জানায়, হেফাজত নেতাকর্মীদের বড় একটি অংশ এখন রাজধানীতে অবস্থান করছে। তারা দুপুরের দিকে বায়তুল মোকাররম এলাকায় সমাবেশের চেষ্টা করবে; কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী তাদের এ ধরনের কোনো সুযোগই দেবে না। রাজধানীতে প্রবেশের ৫টি পথে তাদের সভা-সমাবেশ করতে বলা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, হেফাজত নেতাকর্মীরা পুলিশের বেঁধে দেয়া ৫টি পয়েন্ট নয়, ১১টি পয়েন্টে অবস্থান নিয়ে সভা সমাবেশ করার চেষ্টা করবে। পয়েন্টগুলো হচ্ছে- রাজধানী ঢাকার শহরতলি কাঁচপুর, সাইনবোর্ড, যাত্রাবাড়ী, ডেমরা, সদরঘাট, পোস্তগোলা ব্রিজ, বাবুবাজার ব্রিজ, গাবতলী, আমিন বাজার, টঙ্গী, গাজীপুর চৌরাস্তা। অবরোধের প্রথমে ঢাকা থেকে তুলনামূলক কম দূরত্বের জেলা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, টাঙ্গাইল থেকে নেতাকর্মী ও সমর্থকরা অবরোধ কর্মসূচিতে অংশ নেবে। পরে দূরের অঞ্চল থেকে নেতাকর্মী-সমর্থকরা এসে তাদের সাথে যোগ দেবে। কেন্দ্রীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে। কর্মসূচির ব্যাপারে ইতোমধ্যে জেলা পর্যায়ের দায়িত্বশীলদের বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। সংগঠনটি বিভিন্ন প্রচারণায় কর্মীদের উদ্দেশে বলা হচ্ছে, কর্মসূচিতে অংশ নেয়ার সময় সাথে জায়নামাজ, তসবিহ, কালেমা খচিত পতাকা, শুকনা খাবার, পানি ইত্যাদি সাথে রাখার জন্য। পুলিশের একজন পদস্থ কর্মকর্তা বলেন, জামায়াত নেতারা হেফাজত নেতাকর্মীদের অবরোধ ছেড়ে না উঠার জন্য প্রলুব্ধ করছেন; কিন্তু সন্ধ্যার পর হেফাজতের নেতাকর্মীরা অবরোধ ছেড়ে না গেলে তাদের পুলিশ উঠিয়ে দেবে। ওই কর্মকর্তা বলেন, জামায়াত-শিবিরের ওই গ্রুপটি দেশের পরিস্থিতি অশান্ত করতে বড় ধরনের ঝামেলা পাকাতে পারে। এমনকি শক্তিশালী বোমা বিস্ফোরণ করা হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ডিএমপি ও পুলিশ সদর দফতর থেকে সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে চিহ্নিত স্থান ও ব্যক্তিকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। বিশেষ নজর রাখা হচ্ছে কওমী মাদ্রসাগুলোতে। পুলিশ কর্মকর্তারা জানান, ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার দিকে আসতে শুরু করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ঢাকা অবরোধ কর্মসূচিতে অংশ নিতে ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে তারা ঢাকায় জড়ো হচ্ছেন বলে জানা গেছে। আজ সকাল ৬টা থেকে প্রবেশ পথগুলোতে অবস্থান নেবেন হেফাজতের নেতাকর্মীরা।