মেহেরপুর জেলা যুবলীগের কর্মী নাখরাম হোসেন (৩৫) গতকাল শনিবার খুন হয়েছেন। এ ঘটনার জের ধরে গতকাল একটি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাংচুরসহ যুবলীগের কর্মীরা মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে রাখে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ খুনের ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে পুলিশ জানায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেহেরপুর জেলা শহরের উপকণ্ঠ দিঘিরপাড়ার মৃত মজিবর রহমানের পুত্র নাখরাম হোসেন হান্দু বাবুর বাগান নামে পরিচিত লিচু বাগান গতকাল শহরের মন্ডলপাড়ার আকালীর পুত্র যুবলীগ কর্মী রিপন পাহারা দিচ্ছিলেন। এ সময় বাগানে গিয়ে জোরপূর্বক লিচু নিয়ে যাচ্ছিলেন যুবলীগ কর্মী নাখরাম হোসেন। এ সময় রিপন তাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে নাখরাম মারাত্মক আহত হন। ঘটনার পর এলাকার লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিত্সার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে যুবলীগ কর্মীরাসহ দিঘিরপাড়া গ্রামের লোকজন গতকাল সড়ক অবরোধ করে। এক পর্যায়ে শেরেগুল হোসেন নামে একজনের বাড়ি অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।
