আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। সর্বোচ্চ আদালত রায়ের মাধ্যমে এটা বাতিল করে দিয়েছে। কাজেই বিধানটি সংবিধানে সংযুক্ত করার কোনো অবকাশ নেই। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সরকারের জাস্টিস ফর অল (সবার জন্য বিচার) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে গতকাল শনিবার আইনমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর এক হোটেলে একটি অনুষ্ঠানে যৌথভাবে আইনমন্ত্রী শফিক আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা এ কর্মসূচির উদ্বোধন করেন। ৮০ লাখ ডলারের আর্থিক সহায়তায় পাঁচ বছর মেয়াদী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আয়োজকরা জানান, এ প্রকল্প ন্যায় বিচার প্রাপ্তি, লৈঙ্গিক সমতা ও আইনগত সক্ষমতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংলাপ না হওয়ার কোনো কারণ দেখছি না। সবার দাবি, নির্বাচন গ্রহণযোগ্য হোক, সুষ্ঠু হোক। নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যা কিছু প্রয়োজন, তার সবকিছু করবে নির্বাচন কমিশন। সে সময় যে সরকার থাকবে, তারা দৈনন্দিন কাজ পরিচালনা করবে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও এটা হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রূপরেখার জন্যই আলোচনায় বসা দরকার।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, গত দুইদিনের অগ্রগতিতে আমি সন্তুষ্ট। সংলাপ বা গঠনমূলক সংলাপের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ বেরিয়ে আসতে পারে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য। সাভারের ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ট্র্যাজেডি বন্ধ হলে বাংলাদেশের পক্ষে এশিয়ান টাইগার হওয়া সম্ভব।
অনুষ্ঠানে ইউএসএইডের জাস্টিস ফর অল প্রোগ্রামের অ্যাক্টিং চিফ অব পার্টি ভায়োলেইন অথেম্যান সূচনা বক্তব্য দেন। তিনি এ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া আইন সচিব এ এস এম জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম বক্তব্য দেন।
