রাজধানীতে জামায়াতের জেলা আমীরসহ ৩৪ জন গ্রেফতার

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৪৭
রাজধানীতে হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচিতে নাশকতার চেষ্টার অভিযোগে জামায়াত-শিবিরের ৩৪ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। র্যাব ও পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও ককটেল। র্যাব কর্মকর্তারা জানান, র্যাব-১-এর একটি টিম গতকাল শনিবার ভোর রাতে উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করে জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ শাখার নায়েবে আমীর এবং ফুলকুড়ি ইসলামী একাডেমির অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার বাইতুলগুমাল ইসলামী সংগঠনের সেক্রেটারী এবং বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ ও মো. শাহজাহানকে। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি এবং ১০টি হাত বোমা, বিপুল পরিমাণ লিফলেট এবং সাংগঠনিক বই উদ্ধার করা হয়। অপরদিকে র্যাব-৩-এর একটি টিম ফকিরাপুলের হোটেল এশিয়া ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে গ্রেফতার করে ফেনি জেলার নায়েবে আমীর মো. আবু বকর সিদ্দিককে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি হাতবোমা, বিপুল পরিমাণ সাংগঠনিক বই এবং লিফলেট। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রাজধানীতে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার লক্ষ্যেই উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যাদি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল। অপরদিকে শুক্রবার রাতে মতিঝিল এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে শিবিরের ৩০ জন কর্মীকে। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) হায়াতুজ্জামান খান জানান, গ্রেফতারকৃতদের বেশির ভাগই চট্টগ্রাম অঞ্চলের। তারা নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তারা দুইদিন আগে ঢাকায় এসে মতিঝিলের বিভিন্ন হোটেলে অবস্থান করছিল।