গার্মেন্টস শ্রমিকদের প্রতি মালিকদের আরো মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন গণমাধ্যমের সম্পাদকরা। তারা বলেছেন, এ জন্য দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। শ্রমিকদের প্রতি আরো মানবিক হতে হবে। তাদের যথাযথ পাওনা পরিশোধ এবং তাদের কল্যাণে আরো ব্যয় করতে হবে। এ জন্য পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএকে ব্যাপক পরিকল্পনা নিয়ে কার্যকরভাবে এগিয়ে আসতে হবে। ফলো আপ চালু রাখতে হবে। শ্রমিকদের বেতন ও সুযোগ-সুবিধা এবং কারখানার নিরাপত্তা বাড়াতে হবে।
গতকাল শনিবার বিজিএমইএ আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন গণমাধ্যমের সম্পাদকবৃন্দ। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এ সভা পরিচালনা করেন।
তারা রানা প্লাজায় হতাহতদের ঘটনা উল্লেখ করে বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোথাও পোশাক খাতে এত বড় দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর এখন পদক্ষেপ নেয়া হচ্ছে। এই পদক্ষেপ আগে নেয়া হয়নি কেন। মালিকদের উদ্দেশ্যে তারা বলেন, সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে অনেক সুবিধা আপনারা নেন। কিন্তু শ্রমিকদের জন্য কতটুকু খরচ করেছেন? খ্রিস্টান সমপ্রদায়ের ধর্মযাজক পোপ এটিকে নতুন দাস প্রথা হিসেবে অভিহিত করেছেন। আমাদের পোশাকের বড় ক্রেতা খ্রিস্টান সমপ্রদায়। তাদের মধ্যে পোপের এ বক্তব্য নেতিবাচক প্রভাব ফেলবে। তারা বলেন, ভবিষ্যতে যাতে আর দাস প্রথা না শুনতে হয়।
তারা বলেন, সাভারের রানা প্লাজা ধসে শত শত গার্মেন্টস শ্রমিকের মৃত্যু বাংলাদেশের গার্মেন্টস খাতকে নতুন করে ইমেজ সংকটে ফেলেছে। দাবি উঠেছে এ দেশ থেকে ব্যবসা সরিয়ে নেয়ার। একাধিক প্রতিষ্ঠান ইতিমধ্যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক না নেয়ার ঘোষণাও দিয়েছে। এই অবস্থায় কোন কারণে এই খাত ক্ষতিগ্রস্ত হলে শুধুমাত্র মালিক বা ৪০ লাখ শ্রমিক নয়- এতে ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশের অর্থনীতি তথা পুরো দেশ।
আলোচনায় অংশ নিয়ে নিউ এজ সম্পাদক নুরুল কবীর অভিযোগ করে বলেন, শ্রমিকদের প্রতি শোষণের একটি মাত্রা থাকে। কিন্তু বাংলাদেশে এই শোষণ সর্বোচ্চ মাত্রায় হচ্ছে। গত দুই দশকে বিজিএমইএ ১০ হাজার কোটি টাকা নগদ সহায়তা নিয়েছে। শ্রমিকদের জন্য কী করেছে? অবশ্য দেশের গার্মেন্টস খাত নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা সত্য।
মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী এ খাতের জন্য আলাদা কোন মন্ত্রণালয় না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, পাটের জন্য আলাদা মন্ত্রণালয় রয়েছে অথচ ২ হাজার কোটি ডলার রপ্তানি আয় অর্জনকারী গার্মেন্টস খাতের জন্য কোন মন্ত্রণালয় নেই। তিনি বলেন, এই ব্যবসা না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।
বিজিএমইএকে নিয়ন্ত্রকের দায়িত্ব নেয়া সংক্রান্ত অনেক বক্তার বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করে বণিক বার্তা সম্পাদক হানিফ মাহমুদ বলেন, সংগঠন কখনো নিয়ন্ত্রক হতে পারে না।
বিজিএমইএ সভাপতি সাভার দুর্ঘটনার পর সংগঠনের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন নিউজ টুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল, প্রথম আলোর উপ-সম্পাদক আব্দুল কাইয়ুম, ডেইলি স্টারের উপ-সম্পাদক এনাম আহমেদ, মানব কণ্ঠের সম্পাদক শাহজাহান সরদার, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান প্রমুখ।
