প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার জন্য বাংলাদেশ সরকার প্রস্তুতি নিয়েছে। তবে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার ফলে সরকারের লক্ষ্য অনুযায়ী এ বছর এই বন্ড ছাড়ার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। বিশ্বের অন্যতম গণমাধ্যম সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাত্কারে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এমন আশঙ্কা প্রকাশ করেছেন। যদিও সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, আগামী জুনের মধ্যে সার্বভৌম বন্ড ছাড়া হবে। সাক্ষাত্কারে গভর্নর বলেন, যথাসময়ে বন্ড ছাড়ার জন্য বিভিন্ন কারিগরী কাজ এগিয়ে চলছে, আমরা অনেক দূরে রয়েছি। যখন এটি মার্কেটে আসবে তখনই এটিকে সফল হবে বলা যাবে। উন্নত দেশগুলোর অনেক অর্থ রয়েছে আর বিনিয়োগকারীরা নতুন বাজার খুঁজছে। নতুন বাজারের অবকাঠামোর জন্য এ ফান্ড দরকার। ক্রেডিট রেটিং এজেন্সির ঋণমানে এদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীলতার কারণে এদেশের বিনিয়োগের জন্য বিনিয়োগকারীরাও পুনঃনিশ্চয়তা দিয়েছে।
তিনি বলেন, এ ধরনের ফান্ডিং এর জন্য বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সময়টাও গুরুত্বপূর্ণ। মুডিসে’র রিপোর্টে দেখা গেছে, বিগত চার বছর ধরে দেশের অর্থনৈতিক সূচকগুলো স্থিতিশীল রয়েছে। রাজনৈতিক অস্থিরতাসহ নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে অর্থনীতি স্থিতিশীল থাকার কারণে আগামীতে কিভাবে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয় সেটারও একটি দিকনির্দেশনা দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস ও এসএন্ডপি। বন্ড ছাড়ার বিষয়ে যা আমাদের জন্য অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলেছে।
সার্বভৌম বন্ড সম্পর্কে সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নে ১০০ কোটি ডলার সার্বভৌম বন্ড ছাড়া হবে। বন্ডের সুদ হার হবে সাড়ে পাঁচ শতাংশ।
এ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, বন্ড ছাড়ার বিষয়ে গঠিত ১০ সদস্যের কমিটি সময়ে-সময়ে বিভিন্ন দেশের বন্ড ইস্যুর অভিজ্ঞতা, বাংলাদেশের আর্থ-সামাজিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে এ বন্ডের সম্ভাব্য সুদ হার, অর্থ ব্যয়ের ক্ষেত্র, বন্ড ইস্যুর দিন তারিখ, বন্ডের মেয়াদকাল, বন্ডের মাধ্যমে কতো টাকা তোলা যেতে পারে এসব বিষয়ের সম্ভাব্যতা ইতিমধ্যে যাচাই করেছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে সুনির্দিষ্ট সুপারিশসহ অর্থ মন্ত্রণালয়ের কাছে এ প্রতিবেদনও দিয়েছে ওই কমিটি।
সূত্র মতে, পদ্মাসেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়ানোর পর সার্বভৌম বন্ড ছাড়ার বিষয়ে তোড়জোড় শুরু করেছে সরকার। যদিও এর আগে থেকেও সার্বভৌম বন্ডের বিষয়ে কথা হচ্ছিল। এদিকে সার্বভৌম বন্ডের মাধ্যমে বিদেশি অর্থ গ্রহণ করলে তা অর্থনীতির জন্য নেতিবাচক হবে এমন আশঙ্কায় সার্বভৌম বন্ডের বিপক্ষে অনেকেই। তারা বলছেন, সার্বভৌম বন্ডের মাধ্যমে নেয়া বৈদেশিক মুদ্রার সুদের হার অনেক বেশি। আর এ ঋণের নেতিবাচক প্রভাব পড়বে পরবর্তী সরকারগুলোর উপর। এছাড়া এ অর্থের ব্যবহার যথাযথ না হলে তা রাষ্ট্রের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে বলেও তাদের আশঙ্কা। এ বিষয়ে তারা যুক্তি দিয়েছেন যে, ৫ থেকে ১০ বছর মেয়াদি প্রস্তাবিত সার্বভৌম বন্ডের সুদের হার হবে সাড়ে পাঁচ শতাংশ। যা আন্তর্জাতিক সংস্থাগুলোর দেয়া ঋণের চেয়ে অনেক বেশি। বিশ্বব্যাংক আইএমএফসহ দাতাদের কাছ থেকে নেয়া ঋণের সুদের হার দুই দশমিক ৫ শতাংশের মধ্যে থাকতো। আর ফেরত দেয়ার সময়ও থাকতো ৩০ থেকে ৪০ বছর।
