চাপে অর্থনীতি, প্রবৃদ্ধি কমে যাওয়ার আশংকা

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৪৮
সম্ভাবনার ঝিলিক দেখিয়েও চাপের মুখে পড়ে গেছে দেশের অর্থনীতি। গ্যাস-বিদ্যুতের তীব্র সঙ্কট আর ব্যাংক ঋণের উচ্চ সুদ হারের সঙ্গে চলমান রাজনৈতিক অস্থিরতা গোটা অর্থনীতিকেই ফেলে দিয়েছে ঝুঁকির মধ্যে। এর উপর ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এর মতো নতুন করে যুক্ত হয়েছে সাভারের ভবন ধসে সৃষ্ট পোশাক রপ্তানি বাণিজ্যে ইমেজ সঙ্কট। যার ফলে চলতি অর্থবছরে জিডিপি (জাতীয় মোট উত্পাদন) প্রবৃদ্ধি অনেক কমে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। দেশের শীর্ষ অর্থনীতি বিশ্লেষকরা বলেছেন, সামপ্রতিক সময়ে দেশের অর্থনৈতিক সূচকগুলো যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে উঠতি অর্থনীতির দেশ হিসেবে বিশ্বব্যাপী অনেকেই বাংলাদেশকে বিবেচনা করছিলেন। তবে গ্যাস-বিদ্যুতের সঙ্কট আর ব্যাংকিং সেক্টরের অসহযোগিতায় তা ভেস্তে যেতে বসেছে। তার উপর গত কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। অনেকেই বিনিয়োগ করার চিন্তা করলেও শেষ পর্যন্ত তা করতে সাহস পাচ্ছেন না। শিল্প উদ্যোক্তারা বলছেন, হরতাল, অবরোধ আর গ্যাস-বিদ্যুতের সঙ্কটের কারণে বিদ্যমান শিল্প কারখানাগুলো ঠিকভাবে তাদের উত্পাদন করতে পারছে না। সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অনেককে লোকসান গুনতে হচ্ছে। অথচ ব্যাংক ঋণের সুদ থেমে নেই। উপরন্তু ব্যাংকের ঋণ পরিশোধের সময়সীমা কমিয়ে আনায় শিল্প উদ্যোক্তারা ব্যাংক ঋণ শোধে হিমশিম খাচ্ছেন। তারা বলছেন, সরকার গ্যাস-বিদ্যুত্ ঠিকভাবে দিতে পারছে না, অথচ বছর বছর করের ভার বাড়াচ্ছে। ফলে অনেকেই শ্রমিকদের বেতন দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতার কারণেও যদি উত্পাদন ঠিকভাবে করা না যায় তবে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়বে। অনেকেই ঠিকভাবে বেতন দিতে পারবেন না। যা দেশের শিল্প খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে। এদিকে রাজনৈতিক অস্থিরতার পর দেশের অর্থনীতিতে নতুন করে যুক্ত হয়েছে ইমেজ সঙ্কটের প্রভাব। অল্প সময়ের ব্যবধানে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে শত শত শ্রমিকের প্রাণহানির ঘটনায় গোটা পোশাক খাতই হুমকির মুখে পড়ে গেছে। এ প্রসঙ্গে পোশাক উত্পাদক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদি বলেছেন, সামপ্রতিক সময়ে পোশাক কারখানায় ঘটে যাওয়া দুর্ঘটনার প্রেক্ষিতে কোনো কোনো ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাক নেয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। তাছাড়া এ ঘটনার প্রভাব হিসেবে আগামী মৌসুমে (জুলাই-সেপ্টেম্বর) দেশের পোশাক খাতের রফতানি অর্ডার কমে যেতে পারে। যা দেশের মোট রফতানিকে প্রভাবিত করবে। কারণ দেশের রফতানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে এই পোশাক খাত থেকে। এছাড়া শ্রমিক অধিকার ও বিভিন্ন ইস্যুতে সন্তোষজনক উন্নতি না হওয়ার কারণ দেখিয়ে যখন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের জিএসপি (অগ্রাধিকারমূলক বাণিজ্য) সুবিধা পুনর্বিবেচনা করা হচ্ছে, ঠিক সেই সময়ে সাভার ট্রাজেডির ঘটনা এ ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। খোদ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাও সম্প্রতি একই আশংকা ব্যক্ত করেছেন। তাছাড়া সাভারের ঘটনায় বিশ্বব্যাপী বড় বড় পোশাক ক্রেতাদের মধ্যেও বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা দেখা দিয়েছে। ওয়াল ডিজনি নামক যুক্তরাজ্যের পোশাক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাক না নেয়ার ঘোষণা দিয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠান তাদের দেয়া অর্ডার স্থগিত রেখেছে বলেও জানা গেছে। শিল্প উদ্যোক্তারা বলছেন, সাভারের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে বিভিন্ন পোশাক কারখানায় কয়েকদিন পর্যন্ত অস্থিরতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অনেককে কারখানা বন্ধ রাখতে হয়েছে। এছাড়া ফাটল আতঙ্কেও বেশ কিছু পোশাক কারখানা বন্ধ রাখতে হয়। ফলে সেসব পোশাক কারখানা তাদের পণ্য জাহাজীকরণের ক্ষেত্রে বিপাকে পড়েছে। যা আগামীতে বাংলাদেশের অর্ডার পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতিতে পোশাক খাতের অবদান অনেক। ২০ বিলিয়ন ডলার রফতানির এই শিল্পে ৪০ লাখেরও বেশি শ্রমিক জড়িত, যাদের অধিকাংশই নারী। এ খাতের পরোক্ষ অবদানও অনেক। তাই এ খাত যদি ক্ষতিগ্রস্ত হয় তবে কর্মসংস্থান আর রফতানি আয়সহ গোটা অর্থনীতিই ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, সাভারের ঘটনায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ইমেজ তীব্রভাবে সঙ্কটে পড়েছে। যা দেশের রফতানি খাতকে প্রভাবিত করতে পারে। এ অবস্থা থেকে কাটিয়ে উঠতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাভারের ভবন ধসের ঘটনায় দায়ীদেরকে শাস্তি দেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও তাদের সুচিকিত্সার ব্যবস্থা করা প্রয়োজন। তবে সবচেয়ে বেশি প্রয়োজন দেশের আগুন নির্বাপক ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ফায়ার ব্রিগেডের সক্ষমতা বাড়ানো। মোদ্দাকথা, বিদেশি পোশাক ক্রেতারা যাতে বাংলাদেশের কারখানাগুলোর কমপ্লায়েন্সের উপর আস্থা রাখতে পারে সে ব্যবস্থা করাই হবে এখন উপযুক্ত কাজ। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, সামপ্রতিক সময়ে দেশের রফতানি প্রবৃদ্ধি কমতে শুরু করছে। রাজস্ব আদায় পরিস্থিতিও ভালো নয়। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় ৪ হাজার ৮০০ কোটি টাকা কম হওয়া সত্ত্বেও ব্যয় বাড়ায় রাজস্ব ব্যবস্থাপনায় ত্রুটি দেখা যাচ্ছে। সরকারকে ঋণ বেশি করতে হচ্ছে। ফলে ব্যাংকিং সেক্টরের ঋণ প্রদানের সুদ হার বাড়ছে। গ্যাস-বিদ্যুতের তীব্র সঙ্কটের মধ্যেও এত উচ্চ সুদে বিনিয়োগ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন শিল্প উদ্যোক্তারা। ফলে বিনিয়োগ কমে গোটা অর্থনীতিতেই চাপ সৃষ্টি হয়েছে। শেয়ারবাজারেও চলছে তীব্র মন্দাভাব। এ অবস্থায় অর্থনীতি বড় রকমের ঝুঁকিতে রয়েছে। যার ফলে প্রবৃদ্ধি অনেক কমে যেতে পারে বলে আশংকা করছেন তারা।