রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে পিস্তল উদ্ধার

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৪৮
সাভারে ‘রানা প্লাজা’র ধ্বংসস্তূপে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গুলিসহ পিস্তলটি র্যাবের হেফাজতে রয়েছে। আজ রবিবার র্যাব সেটি সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে। র্যাব, পুলিশ ও সেনা সদস্যরা ধারণা করছেন, পিস্তলটি ভবন মালিক সোহেল রানা বা তার কোন সঙ্গীর হয়ে থাকতে পারে। উল্লেখ্য, ভবন মালিক সোহেল রানা পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক পরিচয়ে কিছু দিন আগেও এলাকায় পোস্টার লাগান। এলাকাবাসী সোহেল রানাকে সন্ত্রাসী হিসেবে জানতো। গত ২৪ এপ্রিল ভবন ধসের চারদিন পর বেনাপোলে র্যাবের হাতে সোহেল রানা গ্রেফতার হয়েছেন। উদ্ধারকর্মীরা জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে ধ্বংসস্তূপের সামনের অংশের জঞ্জাল সরাতে গিয়ে পিস্তলটি পাওয়া যায়। উপস্থিত র্যাব সদস্যদের হাতে সেটি হস্তান্তর করেন তারা। গতকাল শনিবার র্যাব-৪-এর ক্যাম্প কমান্ডার মেজর কেএম আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, রানা প্লাজার ধ্বংসস্তূপে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পিস্তলটি সোহেল রানার কি-না সেটা পরীক্ষা করা হচ্ছে। তবে ভবন ধসের ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছে তা আলামত হিসেবে অস্ত্রটি থানায় জমা রাখা হবে। উদ্ধার হওয়া এই পিস্তলটির ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান জানান, আগ্নেয়াস্ত্রটি র্যাবের হেফাজতে রয়েছে। অস্ত্রটি কার সে বিষয়ে র্যাব এক দফা তদন্ত করছে। তদন্ত শেষে অস্ত্রটি র্যাবের কাছ থেকে থানায় নিয়ে যাওয়া হবে।