খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি রুটে গত শুক্রবার থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। এর সাথে গতকাল শনিবার থেকে আরও ১২টি রুট যোগ হয়েছে। এ নিয়ে এ অঞ্চলের মোট ৩০টি রুটে ধর্মঘট চলছে।
সড়ক-মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, আলমসাধু ও শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন বন্ধের দাবিতে এ ধর্মঘট পালন করছে পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলো। এছাড়া একই দাবিতে গতকাল শনিবার ভোর থেকে খুলনার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে বাস মালিক, শ্রমিক ঐক্য পরিষদ। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন খুলনা, মংলা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাদারীপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, বরিশালসহ এ অঞ্চলের হাজার হাজার যাত্রী।
খুলনাস্থ রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল হক লিপন বলেন, মহাসড়কগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাহিন্দ্রা, নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক চলাচল করে আসছে। অদক্ষ চালকরা অতিরিক্ত যাত্রী বোঝাই করে এ সকল যানবাহন চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তাছাড়া এ সকল যানবাহনের কারণে বাসগুলোতে যাত্রীসংখ্যাও হ্রাস পেয়েছে। প্রশাসন এসব যানবাহন চলাচল বন্ধের আশ্বাস দিলেও তা বন্ধ হচ্ছে না। তাই বাধ্য হয়ে ধর্মঘট পালন করা হচ্ছে।
খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক আনোয়ার হোসেন সোনা জানান, ধর্মঘট সফলভাবে পালনের লক্ষ্যে ভোর ৫টা থেকে মালিক সমিতির নেতারা সড়কে অবস্থান নিয়েছেন। যার কারণে খুলনার কেন্দ্রীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গা থেকে কোন বাস ছাড়ছে না কিংবা পরিবহন ঢুকছেও না। তিনি মালিকদের দীর্ঘদিনের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে মেনে নেয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত বৃহসপতিবার দুপুরে খুলনাসহ দক্ষিণাঞ্চলের চারটি বাস মালিক সমিতি ও চারটি শ্রমিক সংগঠনের নেতারা বৈঠকে শুক্রবার থেকে প্রথমে এ অঞ্চলের ১৮টি রুটে ধর্মঘটের ডাক দেন। পরে একইদিনে খুলনার সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ একই দাবিতে গতকাল শনিবার থেকে আরও ৮টি রুটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।
