হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের এক বর্ধিত সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, হেফাজতের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোন বাধা দেয়া হবে না। হেফাজতে ইসলাম যে সকল স্থানে কর্মসূচি পালন করবে সে সকল স্থান বাদ দিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান করবে। যদি তারা কর্মসূচির নামে মানুষ হত্যার চেষ্টা করে তবে তাদের মোকাবিলা করবে জনগণ। আর আওয়ামী লীগ জনগণের সাথে থেকে সাহায্য করবে । বহিরাগত কেউ ঢুকে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য হেফাজতের প্রতি আহ্বান জানান তিনি।
বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ করে মায়া বলেন, হুমকি-ধামকি দিয়ে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কোন দাবি আদায় করতে পারবেন না। আপনি আলোচনায় আসুন। ঘরে বসে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা যায় না। আর আলোচনা কোন শর্ত দিয়ে হয় না। খোলা মন নিয়ে আলোচনায় আসুন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঢাকার জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখনও সময় আছে সরকার যত তাড়াতাড়ি সম্ভব যেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করেন। সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।
