রাজধানীর মতিঝিলে গতকাল শনিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশের শুরুতে জামায়ত-শিবিরের হামলায় ৪ পুলিশ সদস্য মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামায়াত-শিবির কর্মীরা গজারির লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। অপরদিকে পুলিশ ফকিরাপুল এলাকা থেকে গজারির লাঠিভর্তি একটি কাভার্ডভ্যান আটক করেছে। আহত পুলিশ সদস্যরা হলেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক, সহকারী উপ-পুলিশ পরিদর্শক একরাম হোসেন, কনস্টেবল আশরাফুল ইসলাম ও হাসিবুর রহমান। এদের মধ্যে কনস্টেবল হাসিবুর রহমানের অবস্থা আশংকাজনক। তাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অপর তিনজনকে রাজারবাগ পুলিশ হাসাপাতালে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে পুলিশ সদস্যরা সিভিল ড্রেসে ডিউটি করছিলেন মতিঝিল পূবালী ফিলিং স্টেশনের সামনে। তাদের গায়ে ছিল নীল রঙের বুলেটপ্রুফ জ্যাকেট। এ সময় হঠাত্ একটি কাভার্ডভ্যানে করে দেশীয় অস্ত্র ও গজারির লাটি নিয়ে জামায়াত-শিবির কর্মীরা সেখানে অবস্থান নেয়। পুলিশ তাদের সুশৃঙ্খল থাকতে বললে তারা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। খবর পেয়ে সমাবেশস্থলে দায়িত্বরত অপর পুলিশ সদস্যরা এগিয়ে এলে জামায়াত-শিবির কর্মীরা তাদের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। হামলা চালায় প্রিমিয়াম ব্যাংকের একটি শাখায়। তবে পুলিশ কোন ধরনের এ্যাকশনে যায়নি। ইটপাটকেলের মধ্যেই উপস্থিত পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ঘটনাস্থল ত্যাগ করে।
মতিঝিল বিভাগের এডিসি মেহেদী হাসান জানান, পুলিশ মার খেয়েও কোন ধরনের এ্যাকশনে যায়নি। কারণ এতে সমাবেশে বিঘ্ন ঘটতে পারে। অপরদিকে মতিঝিল থানা পুলিশ জানিয়েছে, গতকাল বিকালে ফকিরাপুল এলাকা থেকে জামায়াত-শিবিরের আনা গজারির লাঠিভর্তি একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে।
