বাংলাদেশে বিরোধী দলের প্রতিবাদ ঠেকাতে সহিংস পুলিশ বিজিবি র্যাব

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:৪৯
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট্স ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড এডামস এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে চলতি বছরের শুরু থেকে বিরোধী দলগুলোর অব্যাহত প্রতিবাদ ঠেকাতে পুলিশ, বিজিবি ও র্যাব বেপরোয়া সহিংস আচরণ করেছে। তারা সতর্কবার্তা ছাড়াই বিক্ষোভকারীদের উদ্দেশে গুলি ছুঁড়েছে। এতে নিরীহ জনগণের জানমালের ক্ষতি হয়েছে। পাশাপাশি নির্বিচার আটক এবং নানাবিধ বল প্রয়োগের মাধ্যমে বিরোধী মত দমনে তারা আইনের অপব্যবহার করেছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশে বিরোধী দলের বিক্ষোভ দমনে বেআইনি সহিংসতার আশ্রয় নেয়া হচ্ছে অভিযোগ করে সরকারকে তা বন্ধের আহ্বান জানিয়েছেন এডামস। একইসঙ্গে তিনি বিরোধী দলগুলোকেও তাদের কর্মীদের উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত রাখার অনুরোধ জানিয়েছেন। ‘বাংলাদেশ :এন্ড আনলফুল ভায়োলেন্স অ্যাগেইন্স্ট প্রোটেস্টারস’ শিরোনামে গত শুক্রবার প্রকাশিত বিবৃতিতে এ কথা বলা হয়। তিনি বিরোধীপক্ষকেও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। তিনি বলেন, বিরোধী দলগুলোর সমর্থকদের আক্রমণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটজন সদস্য নিহত হওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক। বিরোধীপক্ষও এ ধরনের ঘটনার দায় এড়াতে পারে না। ব্র্যাড এডামস সরকারের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতা প্রতিরোধ এবং মানবাধিকার সংরক্ষণে সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। কেননা এটি তাদেরই দায়িত্ব।