বাতাসে এখনো লাশের গন্ধ পাওয়া যায়...

আপডেট : ০৫ মে ২০১৩, ১৯:৪৩
লাভলী ইয়াসমীন সভাপতি, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নস ফেডারেশন আমরা চাই না গার্মেন্টস দুর্ঘটনার কারণে আর কোনো শ্রমিক প্রাণ হারাক। গার্মেন্টস শিল্প দাঁড়িয়ে আছে এই হতদরিদ্র শ্রমিকদের রক্ত পানি করা পরিশ্রমের উপর। তাদের কাজের পরিবেশ যাতে সুন্দর হয় এবং কারখানায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশে যতোগুলো গার্মেন্টসে আজ পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানি ঘটেছে সেগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো ভবনে ত্রুটি ছিল, মালিক পক্ষের অবহেলা ছিল আর সরকারের দিক থেকে বিষয়টিকে ঠিকভাবে মনিটরিং করা হয়নি। নিম্নমানের কাঁচামাল দিয়ে বানানো হচ্ছে এসব ভবন। কারণ তাদের সকলের লক্ষ্য থাকে কীভাবে স্বল্প বিনিয়োগে অধিক মুনাফা লাভ করা যায়। শ্রমিকের জীবন নিয়ে তারা ভাবেন না। রানা প্লাজায় যে দুর্ঘটনা ঘটে গেলো তার পেছনেও এই একই কারণ কার্যকর। ভবনগুলো নির্মাণের সময় বিল্ডিং কোড মেনে করা উচিত। কিন্তু সেটা কতটুকু করা হয় তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যখন কোনো দুর্ঘটনা ঘটে, মালিক এবং সরকার পক্ষ মনে করে ক্ষতিপূরণ দিলেই তাদের দায়িত্ব শেষ। কিন্তু এখানে জীবনের ব্যাপারটা জড়িত। আবার ১৮৫৫ সালের দুর্ঘটনা আইন অনুযায়ী কোনো শ্রমিক যে বয়সে মারা গেছে সেখান থেকে হিসাব করে ওই শ্রমিক কতোদিন বাঁচতো এবং সেই সময়ে কী পরিমাণ উপার্যন করতো সেটি হিসাব করে ক্ষতিপূরণ দেয়ার বিধান আছে। রানা প্লাজায় প্রাণ হারানো শ্রমিকদের ক্ষেত্রে ক্ষতিপূরণ আদায়ে আমরা এই দাবিটিই রেখেছি। তাদেরকে এই আইন অনুযায়ী ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কোনো গার্মেন্টসে কাজের পরিবেশ আছে কিনা তা দেখার দায়িত্ব সরকারের কল-কারখানা পরিদর্শকের। তিনি যদি তার দায়িত্বে অবহেলা করেন তাহলে এ ধরনের দুর্ঘটনা বন্ধ করা সম্ভব হবে না। গার্মেন্টস শিল্পের উপর ভর করে এগিয়ে চলেছে আমাদের দেশের অর্থনীতি। এই শিল্পের ৮০ ভাগ শ্রমিকই নারী। আমাদের কী উচিত না এই নারীদের দিকে একটু খেয়াল রাখা, তাদের জীবনের নিরাপত্তা দেয়া? আমরা চাই যে কোনো মূল্যে এই শিল্প বেঁচে থাকুক। জাহানারা বেগম সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মালিকের একগুয়েমী, সরকারের অবহেলা, বিল্ডিং কোড না মানা ইত্যাদি কারণে গার্মেন্টস কারখানায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে বার বার। আমাদের দেশের গার্মেন্টসগুলোতে কাজের উপযুক্ত পরিবেশ নেই। নেই পর্যাপ্ত হাওয়া-বাতাস। আমাদের দেশে গার্মেন্টম শিল্প গড়েই উঠেছে স্বল্প বিনিয়োগে অধিক লাভের প্রবণতা থেকে। শ্রমিকের জীবনের থেকে মালিকের অর্থলোভই এতো এতো প্রাণহানির জন্য দায়ী। এটা মেনে নেয়া যায় না। শ্রমিকের কাজের উপযুক্ত পরিবেশ এবং তাদের জীবনের নিরাপত্তার জন্য সরকারের আরো সচেতন হওয়া উচিত ছিল। এই শিল্প থেকেই আমাদের দেশে সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আসে। আর আজ এই গার্মেন্টস শিল্পই হুমকির মুখে। সেই ১৯৮২ সাল থেকে আমরা শ্রমিকের অধিকার আদায় এবং তাদের জীবনের নিরাপত্তা চেয়ে আন্দোলন করে আসছি। কিন্তু আজ পর্যন্ত আমাদের কথা মালিক কিংবা সরকার- কেউ শোনেনি। আমাদের মনে রাখতে হবে এই শ্রমিকরা কাজ করে আগুন আর বিদ্যুতের উপর। তাই দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু এই দুর্ঘটনা ঘটার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার মতো কোনো উদ্যোগ কখনো নেয়া হয়নি। উন্নত দেশগুলোর কোনো শিল্প কারখানায় দুর্ঘটনা ঘটলে তারা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করতে পারে। ফলে প্রাণহানি ঘটে কম। কিন্তু আমাদের দেশে সেটি ঘটছে না। মালিকপক্ষের ব্যবস্থাপনা ভাল হলে, মেশিনারিজ উন্নত হলে এবং বিল্ডিং কোড মেনে চললে আজ এই পরিণতি বরণ করতে হয় না। সাভারের রানা প্লাজা ধ্বসের পর সারা বিশ্বের বড়ো বড়ো মিডিয়াগুলোতে এই নিয়ে বহু প্রতিবেদন হয়েছে এবং হচ্ছে। এটা আমাদের দেশের গার্মেন্টস শিল্পের জন্য নেতিবাচক দিক। এই সুযোগ নিতে চেষ্টা করবে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো। তবে আমি মনে করি আমাদের সময় এখনো ফুরিয়ে যায়নি। আমাদের দেশের উপর উন্নত দেশগুলোর সুনজর আছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে যে সংকটের সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণ সম্ভব। দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে, দরিদ্র মানুষকে বাঁচাতে হলে এই শিল্পকে রক্ষা করার কোনো বিকল্প নেই আমাদের হাতে।