‘আন্টি মা’ : প্রি য় র ঞ্জি নী র স্ব প্ন

আপডেট : ০৫ মে ২০১৩, ১৯:৪৩
‘আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা কাজের ছেলে-মেয়েদের বিষয় সচেতনভাবেই খুব উদাসীন। তাদের পোশাক-আশাকে, সাজ-সজ্জায় বোঝাতেই হবে সে আমার বাসায় কাজ করে। এই বিষয়টিতেই আমার বোধ হওয়ার পর থেকেই ভিষণ আপত্তি। অনেক মানুষ জন্মগতভাবে কবি, অনেকে শিল্পী আবার অনেকের মধ্যে মাতৃত্ববোধ থাকে। আমাকে সবাই বলতো আমার মধ্যে প্রবল মাতৃত্ব ছিল কিশোর বয়স থেকে। এমন করেই নিজের মাতৃত্ব সম্পর্কে বলেন প্রিয়রঞ্জিনী। যিনি নবম শ্রেণিতে পড়ার সময় চাঁদা তুলে নিজের বাড়ির কাজের মেয়ের প্রেমের মূল্য দেন। তার প্রেমিকের সাথে বিয়ে দিয়ে। যা অন্যদের উপহাসের বিষয় ছিল। সেই থেকেই শুরু তারপর নিজের বিয়ে হয়। স্বামী প্রথমে তার এমন আচরণে অভ্যস্ত না হলেও পরে অনুধাবন করেন, এতে তাদের তেমন কোন ক্ষতি না হলেও সেই মেয়েটির একটি সুন্দর জীবনে তাদের ভূমিকা থাকছে। এক এক করে প্রিয়রঞ্জিনী ১১টি মেয়ের বিয়ে দিয়েছেন। তার মধ্যে দু-একজন আজ ঢাকা শহরে বেশ ভালো অবস্থায় আছে। নাম প্রকাশ না করে তিনি বলেন, একটি মেয়ে খুব মেধাবী ছিল। আমি ওকে এসএসসি পাস করাই। তখনই বেশ অবস্থাসম্পন্ন ঘরের একটি ছেলে ওকে বিয়ে করবে বলে আমার কাছে ধন্যা দিতে থাকে। আমি ছেলেটির পছন্দ পরখ করতে চেয়েছিলাম। প্রথমে বললাম ওর সাথে মেয়ে বিয়ে দেব না। এক বছর ও আমার পিছু ছাড়ল না। বিয়ে দেয়ার সময় বলেছিলাম ওর পরিচয় ভুলে গিয়ে যদি ভালবাসতে পার তাহলে সুখী হবে। ছেলেটির বাবা-মা জানতে চেয়েছিল ও আমার কাছে কতদিন থেকেছে। আমি বলেছিলাম একবছর বয়স থেকে। এটা মিথ্যা ছিলো। ওর ভালোর জন্যই বলা। ধুমধাম করে বিয়ে দিলাম। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এটা-সেটা গিফট করলো। মেয়েটির মানবতা, বুদ্ধিমত্তা অসাধারণ। বিয়ের সময় ও আমাকে জিজ্ঞেস করেছিল আন্টি আমার মায়ের নাম কী? কেন যেন মনে হলো সেদিন আন্টি বলে ও আমাকে অনেক বড় জায়গা দিয়েছিল। ওর বাচ্চা হওয়ার সময় আমার কাছেই ছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, দেখাশোনা আমিই করেছি। এখন তার সন্তানদেরকে সাথে করে আমার জন্য এটাসেটা নিয়ে দেখা করতে আসে। নিজের মেয়ে আমাকে দেখতে আসলে কিংবা নিজের নাতনীর জন্য কেমন লাগতো আমি জানি না। কিন্তু ওরা এলে একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। প্রিয়রঞ্জিনীর নিজের কোন ছেলে-মেয়ে নেই। তার উপর থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। ছবি আঁকেন আর লেখালেখি করে সময় কাটান। তারপরে সময়টুকু থাকে ওদের জন্য। আবার আর একজনের গল্প শুরু করেন— একবার একটি মেয়েকে তার কাছ থেকে নিয়ে তার মা অন্য বাড়িতে কাজে দেয়। মেয়েটি কান্নাকাটি করে আমার কাছে নিয়ে আসতে মাকে বাধ্য করে। এই কয়দিনে ওর হাতে ঘা হয়ে ভরে গেছে। আমি ওর মাকে মেয়ের অবস্থা দেখালাম। আমরা ছোট ছোট ছেলে-মেয়েদের দিয়ে বাড়িতে কাজ করাই। একটুও তাদের অসুস্থতা নিয়ে মাথা ঘামাই না। আমি জানি ওরা যে শ্রমটা আমাদের দেয় সেটা যেমন আমাদের দরকার, তেমন ওদের অসুখ-বিসুখ দেখাও আমাদের দরকার। এখন তার বাড়িতে মোঃ রাব্বানি ও শাহিনূর নামের দুটি ছেলে-মেয়ে আছে। রাব্বানি সুইট বার্ড ইন্টারন্যাশনাল স্কুলে ৪র্থ শ্রেণির ফার্স্ট বয়। মাসে ৯০০ টাকা বৃত্তি পায়। আর শাহিনুরকে কয়েক বছর পরে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেবেন ভাবছেন। রাব্বানিকে শিল্পী বানাতে চান প্রিয়রঞ্জিনী। তিনি বলেন, এটা আমার স্বপ্ন। ওদের নিয়ে আমি প্রদর্শনী, মেলা, দাওয়াত সব জায়গাতেই যাই। ওদের যখন কেউ আমার আপনজন ভাবেন, তখন আমার ভালো লাগে। একটা কথা বলতে চাই, আমার মনে হয় আমি ওদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে পারছি না তবে ভাল একটা জীবন দেয়ার চেষ্টা করি। রাব্বানি প্রিয়রঞ্জিনীর স্বপ্নের মতো শিল্পী হবে, এটা ভাবতে কেমন লাগে জানতে চাইলে তিনি বলেন, আমরা যদি প্রত্যেকে এক একজন রাব্বানীকে নিয়ে স্বপ্ন দেখতে পারতাম! ছবি: সুজন মন্ডল