ক্যা রি য়া র

অফিসের নতুন পরিবেশে মানিয়ে চলা

আপডেট : ০৫ মে ২০১৩, ১৯:৪৫
নতুন অফিসে চাকরি নেবার পর ছয় মাস পেরিয়ে গেছে লিনার (ছদ্মনাম)। কিন্তু এখনও পরিবেশের সাথে কেন যেন সে নিজেকে ঠিক মত মানিয়ে নিতে পারছে না। এর আগে দুই বছর এক এনজিওতে চাকরি করার পর এটি তার দ্বিতীয় কর্মক্ষেত্র। এত বড় কোম্পানীতে চাকরির অভিজ্ঞতা তার প্রথম। নতুন সহকর্মীরা বেশ বন্ধুবত্সল। কর্মক্ষেত্রের পরিবেশও খারাপ নয়, তবুও কোথায় যেন একটা প্রশ্ন থেকেই যায়। অফিসে তার বসার টেবিল একবারে কোনায়। সহকর্মীদের টেবিল থেকে বেশ দূরে। তার সাথে আলাপের সময় সব সহকর্মীই যেন আলাদা সৌজন্য আর অফিসিয়ালিটি রক্ষা করে চলে। এমনিতে সে খুব একটা মিশুক নয়। নিজের যতক্ষণ কাজ থাকে তো থাকে, কাজ ছাড়া বাকি সময় গালে হাত দিয়ে নিজ চেয়ারে বসে সময় কাটানো ছাড়া আর কিছুই করার থাকে না। তখন তার মনে একটিই সুরই বাজতে থাকে ‘যখন সময় থমকে দাড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়...’। লিনার ইচ্ছে অফিসের সহকর্মীদের সাথে গল্প আড্ডায় অংশ নিতে। কিন্তু তার প্রতি তাদের ব্যবহার কী হবে? সেই চিন্তায় তার ইচ্ছা অপূর্ণই থেকে যায়। লিনার মত অফিসের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে না পারার সমস্যা আমাদের অনেকেরই। নারীদের জন্য সে সমস্যা আরও বেশি। প্রথম ছাত্রজীবন থেকে চাকরিজীবনে প্রবেশের ক্ষেত্রে, নতুন এই অফিসের জীবনে মানিয়ে নেয়া খুব কঠিন। তেমনি নতুন ডিপার্টমেন্ট বা অফিসের নতুন শাখায় বদলির ক্ষেত্রেও এই মানিয়ে নেয়ার সমস্যা প্রকট রূপে দেখা দেয়। তবে এক্ষেত্রে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ার কিছু নেই। যেকোন নতুন পরিবেশে মানিয়ে চলতে হলে ধৈর্য্যশীলতার পরিচয় দিতে হবে। তাই নারীদের চাকরিজীবনে নতুন পরিবেশে মানিয়ে নেবার জন্য কিছু সহজ বুদ্ধি নিচে দেওয়া হল— নতুন অফিসের পরিবেশে মানিয়ে নিতে হলে প্রথম ধাপ— সহকর্মীদের দেখে হাসুন ও নানা কাজে শুভকামনা জানান। আপনার সহকর্মীর বিশেষ স্মরণীয় বা সফলতার দিনটিতে কিছু ফুল বা একটা কবিতার বই উপহার দিন। সহকর্মীরা ততটা বন্ধুবত্সল না হলেও, নিজের বন্ধুসুলভ আচরণ চালিয়ে যান। নিঃসংকোচে তাদের কাছ থেকে নানা সহযোগিতা পাবার জন্য হাত বাড়িয়ে দিন। নানা ক্ষেত্রে তাদের সহযোগিতায় এগিয়ে আসুন। অফিসের মাঝে খাবার জন্য চকলেট, বিস্কিট, ফল নিয়ে যেতে পারেন ও সহকর্মীদের সাথে তা ভাগ করে খেতে পারেন। খাবার মধ্যে দিয়ে অফিসিয়ালিটির বাইরে খোলামেলা পরিবেশ তৈরি হবে যা বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করবে। ছাত্রজীবনের পরিবেশ ও চাকরিক্ষেত্রে পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। নতুন হিসেবে এই পরিবেশ বুঝতে বেশ সময় লাগে। তাই ধৈর্য্যের সাথে কর্মক্ষেত্রের পরিবেশ ও সহকর্মীদের মনোভাব উপলব্ধি করতে হবে ও নতুন পরিবেশের সাথে মানিয়ে নিজেকে গড়তে হবে। সেজন্য প্রথমদিকে অফিস শুরুর দশ-বিশ মিনিট আগে অফিসে এসে একটু দেরিতে বাসায় যাওয়া যেতে পারে। এই অতিরিক্ত সময়ে সহকর্মীদের আলোচনার বিষয়ের মধ্যে দিয়ে তাদের মনোভাব সম্পর্কে ধারণা করা সহজ হবে, যা সহকর্মীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করবে। যেহেতু দিনের প্রায় সম্পূর্ণ সময়ই কাটাতে হয় অফিসে, তাই অফিসের পরিবেশকেই নিজের কাছে আনন্দদায়ক করে তুলতে হবে। অফিসের কোন সহকর্মীর ব্যবহার খারাপ লাগলেও তাতে মনক্ষুন্ন হওয়ার কিছু নেই। নতুন হিসেবে পরিবেশের প্রেক্ষিতে তার জায়গায় সে ঠিক আছে, এটা মেনে নিতে হবে। কাজের ক্ষেত্রে কেউ নিজের ভুল ধরিয়ে দিলে তাতে খুশি হতে হবে। কেননা এটাই এনে দিবে ভুল সংশোধনের সুযোগ। তাদের এই সহযোগিতামূলক মনোভাবকে উত্সাহিত করতে হবে, তাই সহকর্মীদের সাথে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। সচেতনভাবে অফিসিয়াল রাজনীতি, সহকর্মীদের সম্পর্কে পরনিন্দা থেকে দূরে থাকুন। সহকর্মীদের সাথে খেলাধুলা, সিনেমা, গান, বর্তমান হাল-ফ্যাশন সংক্রান্ত নানা বিষয়ে আলাপ-আলোচনা করা যেতে পারে। এভাবে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলেও কারো কারো সাথে সম্পর্কের দূরত্ব কমবে। অফিসে মানিয়ে নিতে হলে নিজের চারপাশে কি ঘটছে তা বুঝতে হবে। সেজন্য প্রথম প্রথম গিয়ে নিজের স্বভাব, পছন্দ সম্পর্কিত আলাপ-আলোচনা বেশি না করে, অন্যদের মতামত শুনতে হবে। তাদের পছন্দ-অপছন্দ, অন্যদের প্রতি ব্যবহার থেকেই সমমনা সহকর্মীদের খুজে পাওয়া সম্ভব হবে। অনান্য বিভাগের সহকর্মীদের সাথেও আলাপ-আলোচনা চালিয়ে যেতে হবে। তবেই অফিসের পরিবেশ সম্পর্কে পূর্ণ ধারনা হবে। অফিসে নিজের বসার স্থানটি সুন্দর করে সাজিয়ে রাখুন। নিজের পছন্দের নানা কোটেশন ও পত্রিকা রাখতে পারেন। পরিবারের একটি ছবি ডেস্কে রাখা যেতে পারে। নতুন অফিসের সব ফাইলপত্র সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে রাখতে হবে। তবেই অনুভব করা যাবে, যেন আগের পরিবেশেই রয়েছি। দিন শেষে নিজ টেবিল পরিষ্কারভাবে গুছিয়ে যেতে হবে, যেন সুন্দর গোছানো এক পরিবেশে পরের দিনটি শুরু হয়। ছয় মাসের বেশি হয়ে গেছে তবু অফিসে মানিয়ে নিতে পারছেন না, তাতে ভেঙ্গে পড়ার কিছু নেই। নিজের পক্ষ থেকে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। কেননা, হতে পারে আপনার সাথে মানিয়ে নিতে আপনার সহকর্মীদেরই সময় বেশি লাগছে। নিজের সৌহার্দ্যপূর্ণ ব্যবহারই অফিসের গুরুগম্ভীর পরিবেশকে বন্ধুত্বময় করে তুলবে।