প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০৫ মে ২০১৩, ১৯:৫০
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জেনে গেছ তোমাদের পরিবর্তিত বইয়ের মান বণ্টন ও প্রশ্ন পদ্ধতি পরিবর্তন হয়েছে। আজ আমরা ‘বাংলা’ বিষয়ের পরিবর্তিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন অনুযায়ী পুরো নমুনা প্রশ্নের গঠন সম্পর্কে জানাবো; জানবো প্রদত্ত প্রশ্ন উত্তর করার দারুণ সব কৌশল। তো চলো; আমরা আনন্দে আনন্দে জেনে নেই প্রশ্ন পদ্ধতি সম্পর্কে। এবারই বাংলা বিষয়ে তোমরা ‘সৃজনশীল’ প্রশ্নের উত্তর দিবে । এ বিষয়ে তোমার সতর্কতা খুবই দরকার। মনোযোগসহকারে যদি মূল বই বারবার পড়া যায় তাহলে তোমাকে কোথাও কোনো সাহায্যের জন্য দৌড়াতে হবে না। তাই চলো আমরা জানি ‘সৃজনশীল’ প্রশ্ন কি? সৃজনশীল প্রশ্ন: নিজে তৈরি করে লেখার কৌশলই হলো সৃজনশীল। ভয় পাওয়া বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। বরং এ বিষয়টি তুমি যদি ভাবতে পারো তাহলে পুরো নম্বর অর্জন করার রয়েছে মহাসুযোগ। তোমাকে দুইটি উদ্দীপকের মাধ্যমে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। একটি বই বহির্ভূত উদ্দীপক থাকবে, অপরটি থাকবে মূল বইয়ের ভেতর থেকেই। উদ্দীপক কী: উদ্দীপক হলো একটি ‘দৃশ্যকল্প’, যা দেখে দেখে তোমাকে অনুসৃত বা নির্দেশিত প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকের ক্ষেত্রে নানান বিষয় হতে উদ্দীপক হতে পারে। তবে নিয়মিত পত্রিকা পড়লে, খবর শুনলে বা টেলিভিশনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দেখলে তুমি সাহায্য পেতে পারো। উদ্দীপকের ক্ষেত্রে গল্প, কবিতা, বিজ্ঞানসহ বিবিধ গুরুত্বপূর্ণ বইও পড়তে হবে। মনে রাখা প্রয়োজন, বই বহির্ভূত উদ্দীপকটি মূল বইয়ে পাবে না, তোমাদেরকে এই অপরিচিত বিষয়টি পড়ে বা দেখে নির্দিষ্ট ২৫ নম্বরের উত্তর করতে হবে। পরিবর্তিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন বিশ্লেষণ: বাংলা বিষয়ে মোট প্রশ্ন থাকবে ১৬টি। সমাপনী পরীক্ষায় এত বেশি প্রশ্নের উত্তর আর কোনো বিষয়ে দিতে হবে না। গতবারের চেয়ে এবার লিখতে হবেও বেশি। তবে মজার ব্যাপার হলো, এবার নম্বর পাওয়ার ক্ষেত্র বেশি। বিষয়বস্তুতে থাকবে সহজ-সরল প্রশ্ন পদ্ধতি, যা তোমরা ইতোমধ্যেই জেনে গেছ। আমরা এখন মূল প্রশ্নে যাই— প্রশ্ন নম্বর: ১, ২, ৩, ৪ এখানে একটি ‘সৃজনশীলভিত্তিক’ উদ্দীপক দেয়া থাকবে। যা থেকে চারটি প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো পর্যায়ক্রমে উত্তর করা শ্রেয়। উদ্দীপকটি বইয়ের বাইরে থেকে করা হবে। খেয়াল করে কমপক্ষে উদ্দীপকটি দুইবার পড়তে হবে। মনে মনে ভাবতেও হবে উদ্দীপকটিতে কি বলা হচ্ছে। এরপর ১, ২, ৩, ৪ নম্বর প্রশ্নের উত্তর লিখবে। প্রশ্ন-১: উদ্দীপক থেকে ৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। ৫টি প্রশ্নই উদ্দীপককেন্দ্রিক হবে। তবে দুইটি প্রশ্ন ‘তুমি কী বুঝতে’ পেরেছ বা আমরা কী বুঝি বা ‘কেন’ দ্বারা প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি পরীক্ষার খাতায় সুন্দর করে তুলতে হবে। এখানে নম্বর ৫। প্রশ্ন-২: এখানে কয়েকটি শব্দ ও সে শব্দের অর্থ দেয়া থাকবে। উপযুক্ত শব্দ দিয়ে বাক্যের শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে ৫টি শূন্যস্থানের বিপরীতে ৬টি শব্দের অর্থ দেয়া থাকবে। এখানে শুধু সঠিক উত্তরটি বাক্য না লিখে খাতায় তুললে ভুল হবে। এখানে নম্বর ৫। প্রশ্ন-৩: ৫টি যুক্তবর্ণ থাকবে। যুক্তবর্ণগুলো তুলে সমান চিহ্ন দিয়ে ভেঙ্গে তারপর প্রশ্নে শব্দ গঠন চাইলে শব্দ গঠন করবে বা বাক্য চাইলে বাক্যে প্রয়োগ দেখাবে। এখানে ষ্ণ, হ্ম, ক্ষ, জ্ঞ, ঞ্জ ইত্যাদি বর্ণগুলো ভালোভাবে আয়ত্ত করবে। এখানে নম্বর ৫। প্রশ্ন-৪: এখানে উদ্দীপক থেকে দুটি প্রশ্ন থাকবে। অনধিক ৫ বাক্যের বেশিতে এখানকার উত্তর হওয়া বাঞ্ছনীয়। কারণ প্রতিটি প্রশ্নের মান ৫। দুটি প্রশ্নেরই উত্তর করতে হবে। এখানে নিজে নিজে বুঝে উত্তর করতে হবে। প্রশ্ন নম্বর:৫, ৬, ৭, ৮ এসব নম্বর প্রশ্নের জন্য আর একটি উদ্দীপক মূল বই থেকে পাবে। এই উদ্দীপক থেকে মোট ২৫ নম্বরের উত্তর করতে হবে। উত্তরগুলো যথাযথভাবে করতে পারলে অবশ্যই এখানে ২৫-এ পুরো নম্বরই পাওয়া যাবে। উদ্দীপকটি থেকে যেসব প্রশ্ন করা হবে— প্রশ্ন-৫: উদ্দীপক থেকে ৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। এখানে ২/৩টি প্রশ্ন বুঝে বুঝে করতে হবে। এখানে প্রদত্ত নম্বর ৫। প্রশ্ন-৬: ৬ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কাঠামোবদ্ধভাবে ৫টি প্রশ্ন থাকবে। দুই বা তিন বাক্যে উদ্দীপক থেকে আসা এ প্রশ্নগুলোর উত্তর লিখবে। প্রশ্নগুলো একাধিকবার পড়বে। এখানে প্রশ্নমান ৫–২=১০। প্রশ্ন-৭: এ প্রশ্নে তোমার মেধার সর্বোচ্চ প্রকাশ ঘটাতে হবে। যদি উদ্দীপকটি কবিতা থেকে আসে তাহলে তার সারমর্ম ৪-৫ বাক্যে লিখবে। গদ্য থেকে এলে সারাংশ লিখতে বলবে। জেনে রাখা ভালো উদ্দীপকটির মূল ভাবই ভেবে লিখবে। নম্বর ৫। প্রশ্ন-৮:উদ্দীপক থেকে প্রদত্ত শব্দ দেয়া থাকবে। শব্দের সঠিক উত্তর লিখতে পারলে এখানে ৫-এ ৫ পাওয়া যাবে। প্রশ্ন-৯: ৯ নম্বর প্রশ্নের দুটি ‘অপশন’ পাবে। প্রথমে থাকবে পদ নির্ণয়। কোনটি কোন পদ তা সারিতে সাজাতে হবে। এখানে প্রদত্ত মান ৫। মোট ৫টি পদ নির্ণয় করতে হবে। প্রশ্ন-১০: ১০ নম্বর প্রশ্নে বিরাম চিহ্ন বসাতে হবে। তোমরা জানো বিরাম চিহ্ন কী? মূল বই থেকে গদ্যাংশ আকারে একটি অনুচ্ছেদ থাকবে। ভালোভাবে যারা বাংলা বই পড়বে এবং সঠিক উচ্চারণ বজায় রাখবে তারা এখানে সহজে বিরাম চিহ্ন বসাতে পারবে। এখানে নম্বর ৫। প্রশ্ন-১১: এখানেও দুটি অপশন থাকবে। প্রথম অপশনে থাকবে এক কথায় প্রকাশ। বাক্যটি তুলে এক কথায় প্রকাশ করবে। এখানে অথবা অংশে থাকবে ক্রিয়া পদের চলিত রূপ লেখা। চলিত রূপ বা এক কথায় প্রকাশ দুটি বিষয়ই সহজ। প্রদত্ত নম্বর ৫। প্রশ্ন-১২: ১২ নম্বর প্রশ্নও দুটি অপশনে আবদ্ধ। প্রথমে থাকবে সমার্থক শব্দ লেখা। মূল শব্দ তুলে সমান চিহ্ন দিয়ে তার সমার্থক শব্দ লিখবে। অথবাতে থাকবে বাক্যে ব্যবহূত বিপরীত শব্দ। যেটি সহজ মনে হবে তার উত্তর করবে। এখানেও নম্বর ৫। প্রশ্ন-১৩: গতবারের মতো তোমাদের আর কবিতা মুখস্থ লিখতে হবে না। ১৩ নম্বর প্রশ্নে তোমাদের পাঠ্যবইয়ের একটি কবিতার ৬ পঙক্তি এলোমেলো করে লেখা থাকবে, তা তোমরা সাজিয়ে লিখবে। তারপর কবিতাটির কী নাম ও কবির নাম জানতে চাওয়া হবে। যথাযথ উত্তর করলে এখানে ১টি/দুটি প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারবে। কবিতায় ৬, কবিতার নামে ১, কবির নামে ১, প্রশ্নের উত্তরে ২ মোট ১০ নম্বর থাকবে। প্রশ্ন-১৪: এ অংশে চিঠি বা আবেদনপত্র লিখতে হবে। আবেদনপত্র এবার নতুন। চিঠির চেয়ে আবেদনপত্রের উত্তর করলে ভালো হয়। তবে নিয়ম ঠিক থাকা চাই। ভালোভাবে আয়ত্ত করতে হবে চিঠিও। বিদেশি বন্ধুকে চিঠি লিখলে খামের ঠিকানা অবশ্যই বড় হাতের ইংরেজি বর্ণে লিখতে হবে। এখানে ৫ নম্বর পাওয়া যাবে। প্রশ্ন-১৫: এখানে ফরম পূরণ করতে সহজ পদ্ধতি। শুধু নিজে বুঝে বুঝে লিখলেই হয়ে যাবে। নম্বর পাবে ৫। মূল বইয়ের ফরমটি বেশি বেশি চর্চা করবে। প্রশ্ন-১৬: এবার রচনাতে পয়েন্ট উল্লেখ থাকবে। মূল বইয়ের আঙ্গিকে রচনা আসবে। পয়েন্ট ধরে ২০০ শব্দের মধ্যে রচনাটি লিখলে পুরো ১০ নম্বরই পাওয়া যাবে।