হয়তো সকাল থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছে। আর তাই নির্ধারিত সময়ে স্কুল শুরু হবার পরও অল্প কিছুক্ষণ পরেই স্কুল ছুটি ঘোষণা করলেন কর্তৃপক্ষ। ছোটবেলায় এ ধরনের আনন্দময় অভিজ্ঞতার সাথে বোধকরি অনেকেরই পরিচয় হয়েছে। এছাড়া বন্যা কিংবা ঝড়ের মতো প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল ছুটি পাওয়ার নজিরও ঢের রয়েছে। কিন্তু কেউ কি কখনো শুনেছেন যে, আবহাওয়া ভালো থাকার কারণে সেটি উপভোগ করার জন্য ছুটি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। আমাদের কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও বিশ্বের যেসব প্রান্তে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে সূর্যের অপেক্ষায় কাটাতে হয় তাদের জন্য সূর্যালোক বা ভালো আবহাওয়া সত্যিই মূল্যবান একটি বিষয়। আর ভালো আবহাওয়ার প্রতি শিক্ষার্থীদের এই অপেক্ষাকে সম্মান দেখিয়েই সম্প্রতি স্কুল ছুটির ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিলিংহ্যাম এ অবস্থিত ননডিনমিনেশনাল ক্রিশ্চিয়ান স্কুল। গেল বৃহস্পতিবার স্কুলের ওয়েবসাইটে এক ঘোষণার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকসহ স্কুলের সকল শিক্ষক ও কর্মকর্তাকে জানিয়ে দেওয়া হয় যে, শুক্রবার আবহাওয়া ভালো থাকার কারণে সেটি সবাই ছুটি হিসেবে উপভোগ করতে পারেন। এ প্রসঙ্গে স্কুলটির অধ্যক্ষ বব স্যাম্পসন জানান, শিক্ষার্থীদেরকে আরও একটু চাঙ্গা করে তুলতেই এ ধরনের ছুটির চিন্তা মাথায় আসে তার। তাছাড়া এ বছর তুষারপাতের জন্য কোনো ধরনের ছুটি না পাওয়া শিক্ষার্থীদেরকেও অনেকদিন ধরে একটানা ক্লাস করতে হচ্ছিল। এ অবস্থায় শিক্ষার্থীরা যেন তাদের অভিভাবকদের সাথে বা নিজেদের মতো করে ভালো আবহাওয়ায় দু’একটি দিন কাটাতে পারেন সে জন্যই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া এই ছুটিটি শিক্ষার্থীরা যেন সত্যিকার অর্থেই আরাম আয়েশ করে উপভোগ করেত পারে সেটি নিশ্চিত করার জন্য ২০৫ জন শিক্ষার্থীর অভিভাবকের সাথেও কথা বলে স্কুল কর্তৃপক্ষ। উলে¬খ্য, দু’বছর আগেও ভালো আবহাওয়ার জন্য এ ধরনের আরেকটি ছুটি ঘোষণা করেছিল এই স্কুলটি।
