এবার ইতিবাচক চরিত্রে মিশা সওদাগর!

আপডেট : ০৫ মে ২০১৩, ২০:০৯
শুধু ঢালিউডেই নয়, বলিউড কিংবা হলিউডেও যদি চোখ রাখি তাহলে দেখা যায়, জনপ্রিয় অনেক এন্টি হিরোই ক্যারিয়ারের একটা মুহূর্তে এসে পরিবর্তন করেছেন নিজের অভিনয়ের ধারাকে। এবং সফলতাও পেয়েছেন তাদের অধিকাংশই। যেমন আমাদের ঢালিউডে যদি চোখ রাখা যায় তাহলে দেখা যাবে এটিএম শামসুজ্জামান, আহম্মেদ শরীফ, হুমায়ূন ফরীদি, রাজীবসহ আরও অনেকেই আছেন যারা ভিলেন থেকে ইতিবাচক চরিত্রে এসে নতুন করে সফলতার ছোঁয়া নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় একই পথ মাড়ানোর প্রথম উদ্যোগটি নিলেন এ সময়ের ঢালিউডের শীর্ষ অ্যান্টিহিরো মিশা সওদাগর। সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘অন্তরে অন্তরে’ ছবির রিমেকে ইতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘আসলে আমি নিজেও চাইছি কাজে একটু ভিন্নতা আনার, তরুণদের সঙ্গে কাজ করার। নিজেকে নতুনভাবে প্রমাণ করতে চাই। আশাকরি ভালো কিছু উপহার দিতে পারব।’