সম্প্রতি এশিয়ান টিভিতে সৈকত সালাউদ্দিনের উপস্থাপনায় চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘মুভি বাজার’-এর প্রোমোতে একঝাঁক তারকা অংশ নিয়েছেন। এর আগে অনুষ্ঠানের নাটকীয় প্রমোটিও শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। আগামী ৯ মে শুরু হওয়া এই অনুষ্ঠানটি তাই প্রচারের আগেই নিজের ঢোলটি বেশ ভালোভাবেই পেটাচ্ছে। এবারে নতুন প্রমোতে অংশ নিয়েছেন শীর্ষ নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান, অনন্ত, বর্ষা, নিপুণ, আমিন খান, তমা মির্জা, বাপ্পী, মাহী, বিদ্যা সিনহা মীম, নিলয়, শখ, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দোপাধ্যায়, পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন, প্রযোজক পরিবেশক সমিতির ঊর্ধ্বতন সহ-সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও উপস্থাপক সৈকত সালাহউদ্দিন। অনুষ্ঠানটি প্রসঙ্গে উপস্থাপক বলেন, ‘চেষ্টা করেছি আমাদের ঢালিউডকে অনেকটা কালারফুল দেখাবে। থিংক পজিটিভ সূত্র ধরেই আমরা ঢালিউডের রিপোর্ট করব। সে কারণেই প্রমো থেকেই দর্শকদের ভেতরে আলাদা একটি কৌতূহল তৈরি করতে চাই। দেশীয় সিনেমার বাজার নিয়ে নানান বিশ্লেষণ, তারকাদের নানা খবর নিয়ে ‘মুভি বাজার’ এশিয়ান টিভিতে প্রচার হবে প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে।
