এখন বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে গ্রামীণফোনের নতুন বিজ্ঞাপন ‘এই নেন লবণ নেন, খাইতে খাইতে বাড়ি যান’, প্রাণ আরএফএল সাবমারসিবল পাম্পের সৌদি ফেরত লোক ‘কাইফা হালুকা’ এবং প্রাণ ফিট বিস্কুটের মাঝি ‘শুধু একজনই যাইতে পারবেন’—এই তিনটি বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন আশরাফুর রহমান শিপন। ২০০২ সালে ‘বাংলার মুখ’ নাট্যদলের মাধ্যমে মিডিয়ার সাথে সম্পৃক্ততা তার। থিয়েটারে কাজ করার পাশাপাশি ৭ বছর বিজ্ঞাপন চিত্র নির্মাণ প্রতিষ্ঠান রেক্ট্যাঙ্গেলের সাথে জড়িত ছিলেন। এরপর ২০০৭ সালে তিনি প্রথম বিজ্ঞাপনে কাজ করেন। তারপর থেকেই মডেলিং শুরু। আশরাফুর রহমান শিপন একাধারে মডেল, অভিনেতা ও কবি। এ বছরের বইমেলায় প্রকাশিত হয়েছিল তার সর্বশেষ কাব্যগ্রন্থ ‘শেষরাতের কাব্য’। তার অভিনীত দুটি ধারাবাহিক নাটক ‘নতুন হাওয়া’ ও ‘তেলেসমাতি’ প্রচারের অপেক্ষায় রয়েছে। খুব শীঘ্রই আরও বেশকিছু এক ঘণ্টার নাটক ও টিভিসিতে পারফর্ম করবেন তিনি।
