সিরিয়া পরিস্থিতি মোকাবিলায় কঠিন চ্যালেঞ্জে ওবামা

আপডেট : ০৫ মে ২০১৩, ২০:৩৬
সিরিয়ায় গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের খবর প্রকাশিত হওয়ার পর আসাদ সরকারের বিরুদ্ধে কার্যকর কিছু করার পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তার ওপর ব্যাপক তদন্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া, সিরিয়ায় সরকারি সেনাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে ‘সীমিত হলেও স্পষ্ট’ আলামত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুটি দেশেরই অভিযোগ, সিরিয়া সরকার স্নায়ু গ্যাস সারিন ব্যবহার করছে। শুক্রবার হোয়াইট হাউসে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে ওবামা বলেন, সিরিয়ার জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে কয়েকটি প্রমাণ পাওয়া গেছে। গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া এসব রিপোর্টগুলো প্রাথমিক পর্যায়ের উল্লেখ করে তিনি বলেন, এসব অস্ত্র কিভাবে, কখন এবং কোথায় ব্যবহার করা হয়েছে আমরা তা খতিয়ে দেখছি। বিষয়টি প্রমাণিত হলে দামেস্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুমকি দেন ওবামা। আসাদ সরকারের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ওবামা। এদিকে সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর চাপ সৃষ্টি করছেন বিরোধী দলীয় সিনেটররা। তবে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আরো বেশি অনুসন্ধান প্রয়োজন বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। গত রবিবার রিপাবলিকান সিনেটরদের দাবির প্রেক্ষিতে হেগেল গণমাধ্যমের কাছে তার সরকারের অবস্থান পরিষ্কার করেন। বাশার আল আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করে থাকতে পারে, গত সপ্তাহে ওবামা প্রশাসনের এমন মন্তব্যের পর ব্যবস্থা নিতে মার্কিন সরকারের ওপর চাপ সৃষ্টি করে আসছে কংগ্রেসের সদস্যরা। রিপাবলিকান সিনেটররা দাবি করেছেন, সিরিয়ার বিমান ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা হওয়া উচিত। তবে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী পাঠানো উচিত হবে না। রবিবার সিবিএস নিউজ চ্যানেলে ‘জাতির মুখোমুখি’ অনুষ্ঠানে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সিনেটর জন ম্যাককেইন এসব দাবি জানান। অনুষ্ঠানে গ্রাহাম বলেন, সিরিয়ার বিমান ঘাঁটিগুলোতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সেদেশের বিমান বাহিনীকে উড্ডয়ন থেকে বিরত রাখা সম্ভব হবে। সিরিয়ার আকাশে সরকারি বাহিনীর আধিপত্য খর্ব করে দিলে বিদ্রোহীরা দ্রুত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে। অপরদিকে সিনেটর ম্যাককেইন বলেন, আমরা প্যাট্রিয়ট মিসাইল ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। তিনি সিরিয়ার রাসায়নিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিরিয়ায় ‘আন্তর্জাতিক বাহিনী’ পাঠানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। রবিবার রিপাবলিকান সিনেটরদের এসব দাবি সম্পর্কে মুখ খুলে হেগেল বলেন, সিরিয়া যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার সম্পর্কে আরো অনুসন্ধান চালানোর কথা ভাবছে আমেরিকা এবং এর মিত্ররা। সিরিয়ার ব্যাপারে কি পদক্ষেপ নেয়া যায় সে ব্যাপারে পেন্টাগনকে পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন ওবামা। প্রকৃতপক্ষে মিত্রদের নিয়ে কিংবা মিত্রদের ছাড়াই যুক্তরাষ্ট্র আসাদ সরকারের বিরুদ্ধে এ পদক্ষেপ নিতে পারে। কিন্তু প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ এবং সেগুলোর সফলতার ব্যাপারে কোন নিশ্চয়তাও নেই। সিরিয়ার ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে কয়েক মাস ধরেই মার্কিন প্রশাসনে আলোচনা চলছে। কেউ বলছেন শক্তি প্রয়োগের মাধ্যমে আসাদ সরকারকে উত্খাত করে সিরিয়ায় যুদ্ধের অবসান ঘটাতে হবে। কেউ কেউ আসাদকে উত্খাতের পর সিরিয়ার অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেন। কারণ সেখানে আসাদ বিরোধীদের মধ্যে অনেকগুলো গোষ্ঠী আছে। তারা নিজেরাও ক্ষমতায় যাওয়া নিয়ে সংঘর্ষে লিপ্ত হতে পারে। ইসলামিক মৌলবাদীদেরও উত্থান ঘটতে পারে সিরিয়ায়। আসাদ পরবর্তী সরকারের ওপর পশ্চিমা প্রভাব কতটুকু হবে তাও ভাববার বিষয়। তবে বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলার পর সিরিয়ায় শক্তি প্রয়োগের ব্যাপারে ওবামার ওপর চাপ বাড়ছে। রাসায়নিক অস্ত্রের কারণে সিরিয়ার সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি পশ্চিমারা আশংকা করছে এসব অস্ত্র হিযবুল্লাহ্র হাতে চলে যেতে পারে। আসাদের সাথে লেবাননের হিযবুল্লাহ্র সখ্যতা আছে। সিরিয়ায় গৃহযুদ্ধ দীর্ঘায়িত হলে প্রাণহানি বৃদ্ধির পাশাপাশি আশেপাশের দেশগুলোতেও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র আসাদ সরকারের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে পারে তারই সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে লিখেছেন বিবিসির কূটনীতিক প্রতিবেদক জনাথন মার্কাস। সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র কেনার টাকা দিচ্ছে মধ্যপ্রাচ্যের কিছু ধনকুবের। বিদ্রোহীদের ট্যাংক ও বিমান বিধ্বংসী কামান দিয়ে সাহায্য করা হলে এবং উন্নত প্রশিক্ষণ দেয়া হলে আসাদ বাহিনী দুর্বল হয়ে পড়তে পারে। মরিয়া হয়ে ওঠা সিরিয়ার বিদ্রোহীদের মার্কিন স্পেশাল ফোর্সের মাধ্যমে প্রশিক্ষণ ও যুদ্ধের ময়দানে নির্দেশনা দিয়ে সাহায্য করা যেতে পারে। সিরিয়ায় ঢুকে পড়া স্পেশাল ফোর্সের সদস্যরা পশ্চিমা বাহিনীর বিমান হামলার সময় লক্ষ্য স্থির করতে সাহায্য করতে পারে। অস্ত্র দিয়ে সাহায্য করলে মার্কিন বাহিনীর প্রাণহানি কম হবে। তবে সেক্ষেত্রেও রাশিয়ার সাথে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। রাশিয়া আসাদ সরকারকে অস্ত্র সাহায্য বাড়িয়ে দিতে পারে। এতে প্রাণহানি ও লড়াই তীব্রতর হবে। সিরিয়ার সরকার যাতে রাসায়নিক অস্ত্রের মত ভয়াবহ মারণাস্ত্র ব্যবহার না করে সেজন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভূমধ্যসাগরের যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে মিসাইল হামলা চালানো যেতে পারে। আসাদ সরকারকে উত্খাতে যে সকল ব্যবস্থা নেয়া যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাপক ভিত্তিক বিমান হামলা। এখন বিবেচনার বিষয় হচ্ছে সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী। এটা নিশ্চিত সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লিবিয়ার চেয়ে অনেক শক্তিশালী। তাদের বিভিন্ন পাল্লার বিমান বিধ্বংসী কামান রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ সিরিয়ার বিরুদ্ধে ব্যাপক ভিক্তিক সামরিক অভিযানের বিপক্ষে। সশস্ত্র মিলিশিয়াদের একটি বড় অংশ মার্কিন বিরোধী। সিরিয়ার ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য ওবামা সামনে অনেকগুলো পথ আছে যার সবগুলোরই আলাদা আলাদা ঝুঁকি রয়েছে। সিবিয়ার সংঘাতে জড়ালে যেকোন বিদেশি শক্তিকে মূল্য দিতে হবে। রাশিয়া অব্যাহতভাবে আসাদ সরকারকে সমর্থন জানিয়ে যাচ্ছে। তবে যত জটিলই হোক রাসায়নিক অস্ত্রের ব্যাপারটি জানাজানি হওয়ার পর প্রেসিডেন্ট ওবামাকে হয়ত সিরিয়ার ব্যাপারে জোরালো পদক্ষেপ নিতেই হবে।