ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিভ্রান্তি

বিদেশি বিনিয়োগ উন্মুক্ত করার পক্ষে চিদাম্বরাম

আপডেট : ০৫ মে ২০১৩, ২১:০৩
অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিভ্রান্তিতে আছে বড় অর্থনীতির দেশ ভারত। আন্তর্জাতিক সংস্থাগুলো দেশটির প্রবৃদ্ধি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০১২-২০১৩ অর্থবছর শুরুর আগে এবছর ভারতের প্রবৃদ্ধি ৫ দশমিক ৯ শতাংশ হবে বলে ইঙ্গিত দিয়েছিল। কিন্তু মাঝপথে এসে এ হার কমিয়ে তারা বলে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৭ শতাংশ। এখন আইএমএফ বলছে, প্রবৃদ্ধি ৫ দশমিক ৪ শতাংশের বেশি হবে না। অপরদিকে এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্বব্যাংক এ বছর ভারতের প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে বলে ইঙ্গিত দিয়েছে। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরামও প্রবৃদ্ধি কম হবে বলে স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, এটি সাময়িক। আমাদের হাতে যেসব অস্ত্র আছে তা দিয়ে আগামী দুই বছরের মধ্যে প্রবৃদ্ধি অনায়াসেই ৮ শতাংশে নেয়া যাবে। প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনই যে চেষ্টা করা হচ্ছে না তা নয়। ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার হিসাবে, বর্তমানে ব্যাংকগুলোর গড় সুদের হার সাড়ে ৭ শতাংশ। এটি কমিয়ে সোয়া সাত ৭ শতাংশ নির্ধারণ করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ম্যানুফ্যাকচারিং খাতে উত্পাদন কমে যাওয়ায় প্রবৃদ্ধি ক্রমাগত নিচে নামছে বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে। উত্পাদন বাড়াতে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপও ছিল। কেন্দ্রীয় ব্যাংকের মতে, প্রবৃদ্ধি বাড়ানোর জন্য ইতিমধ্যে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। আরো বেশি করার সুযোগ এখন আর নেই। ব্যাংকের একজন মুখপাত্র বলেন, সুদের হার বেশি কমাতে গেলে ভোক্তাদের ওপর তার চাপ পড়বে। মুদ্রাস্ফীতি বাড়লে তখন অর্থনীতিতে রক্তক্ষরণ শুরু হবে। ওই মুখপাত্র বলেন, নানা নিয়মনীতির বেড়াজালে পড়ে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবার ফলে প্রবৃদ্ধি ক্রমশ নিচে নেমে যাচ্ছে। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরাম বলেছেন, অর্থনীতিতে যে মন্দা চলছে তা সাময়িক। আমরা এমন ব্যবস্থা নিতে যাচ্ছি যাতে করে আগামী দুই বছরে অর্থনীতিতে ৮ শতাংশ করে প্রবৃদ্ধি অর্জিত হয়। তার মতে, ভারত প্রতিবছর ৫০ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ গ্রহণ করতে পারে। এটি করা হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। নিউইয়র্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সাথে মতবিনিময়কালে তিনি আরো বলেন, বিদেশি বিনিয়োগ নানা কারণে বন্ধ রাখা হলেও এখন ভারত সরকার বিভিন্ন খাতে তা সহজ করার চেষ্টা করছে। বিদেশি বিনিয়োগ যে ভারতের জন্য কতটা দরকার তা এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এর আগে তিনি কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সাথে বৈঠক করেন। তিনি তাদের বোঝাতে চেষ্টা করেছেন যে, বিদেশি বিনিয়োগ প্রস্তাব না নেয়ার বিষয়টি সাময়িক। যে কোন সময় আমরা তা সহজ করে দিতে পারি। প্রবৃদ্ধি কমে যাবার পেছনে চিদাম্বরাম ভারতীয় নাগরিকদের সোনা মজুদকেও দায়ী করেন। তিনি বলেন, এই ধাতুটি অর্থনীতির তেমন কাজে আসে না। গত কয়েক মাসে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে কমে আসলেও ভারতে এ ধাতুটির আমদানি অনেক বেড়েছে। প্রবৃদ্ধির বিষয়ে চিদাম্বরামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কয়েক মাসের সূচক দিয়ে কোন অর্থনীতিবিদ বলতে পারে না প্রবৃদ্ধি কত হবে। কেউ বলছে ৬ শতাংশ হবে আবার কেউ বলছে সাড়ে ৬ শতাংশ হবে। এ নিয়ে বিভ্রান্তি তৈরি করার প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, সামনের কয়েক মাসে পরিস্থিতির উন্নতি হবে। প্রবৃদ্ধি অবশ্যই ৬ শতাংশ ছাড়িয়ে যাবে। ২০১৩-১৪ অর্থবছরে যেসব নীতি গ্রহণ করবো তাতে প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি হবে। এ নীতিগুলোর ধারাবাহিকতা বজায় থাকলে ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধি ৮ শতাংশ পার হবে। চিদাম্বরাম সাংবাদিকদের আরো জানান, গত কয়েক দিনে আমি অনেক বিনিয়োগকারীর সাথে আলাপ করেছি। ভারতে বিনিয়োগ করার বিষয়ে তারা ইতিবাচক মতামত দিয়েছে। গত কয়েক বছরে ভারতে বিদেশি বিনিয়োগ কমে যাবার কারণ হিসেবে তিনি বলেন, এটি বিনিয়োগকারীদের নিজস্ব বিষয়। এছাড়া আমাদের কিছু অভ্যন্তরীণ সমস্যাতো আছেই। তবে বিনিয়োগকারীরা যখন নিজ দেশের বাইরে বিনিয়োগ করার সাহস দেখান তখন তাদেরকে অনেক কিছু বিবেচনায় আনতে হয়। কারণ চূড়ান্ত বিচারে সে নিজের অর্থটাই বিনিয়োগ করছে। চিদাম্বরামের সাথে সাংবাদিকদের আলোচনায় দুর্নীতির বিষয়টিও বাদ যায়নি। এ বিষয়ে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, ভারতে অবশ্যই দুর্নীতি আছে। বিনিয়োগকারীদের সাথে বৈঠকে এ বিষয়টি আসলেও এ নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। তিনি বলেন, দুই দিনে দুর্নীতি নিয়ে বিনিয়োগকারীরা দুটি প্রশ্ন করলেও ২০টি প্রশ্ন এসেছে অবকাঠামো নিয়ে। আগামী ৫ বছরে ভারতের অবকাঠামো খাতে এক ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজন আছে বলে তিনি উল্লেখ করেন। তার মতে, এ পরিমাণ বিনিয়োগের ৪৭ শতাংশ আসবে বেসরকারি খাত থেকে। বাকি বিনিয়োগ সরকার করবে। চীন সম্পর্কে প্রশ্ন করা হলে চিদাম্বরাম বলেন, ভারতের সাথে চীনের কোন তুলনা হয় না। দুটি দেশই ভিন্ন। দুই দেশের রাজনীতি, ব্যবসার নিয়মকানুন ভিন্ন। এ নিয়ে বিনিয়োগকারীরা কখনোই আমাকে প্রশ্ন করেনি। কারণ বিনিয়োগকারীরা দুই দেশের নিয়মকানুন নিয়ে ভালোই জানেন। ভারত সরকার নানা সমালোচনার মুখে বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ বন্ধ রাখলেও এখন অর্থনীতির চাপ সামলাতে আবারো তা খুলে দেয়ার চিন্তা করছে। মূলত প্রবৃদ্ধি বাড়াতে বিদেশি বিনিয়োগকে উত্সাহিত করা হলেও শেষ বিচারে কি ফল দাঁড়ায় তা এখন দেখার বিষয়।