বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর গোপন কারাগারগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত কিউবার গুয়ান্তানামো বে বন্দিশালা। কারাগারে গোয়েন্দাদের তথ্য আদায়ে বন্দিদের নির্যাতনের নির্মম কাহিনী ফাঁস হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে এর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। গুয়ান্তানামো বে কারাগারের বন্দিদের বিচার না করে অনির্দিষ্টকালের জন্য তাদের আটকে রাখাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা। সংস্থার প্রধান নাভি পিল্লাই যত দ্রুত সম্ভব ঐ কারাগার বন্ধ করার আহ্বান জানান। কারাগারের বন্দিদের অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট চলাকালে তিনি এই আহ্বান জানান। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর মধ্যে শুধু রেডক্রসেরই গুয়ান্তানামো বে কারাগারে প্রবেশ করার অনুমতি আছে। সংস্থার সংশ্লিষ্ট কমিটির সদস্যরা বন্দিদের সাথে পৃথকভাবে সাক্ষাত্ও করতে পারেন। রেডক্রসের ঐ কমিটিও জানায়, কারাগারের ভেতরের অবস্থা অকল্পনীয়। অনশনরত বন্দিদের জোর করে খাওয়ানোর উপায় বেছে নেন মার্কিন কর্মকর্তারা। যার প্রতি পূর্ণ সমর্থন জানান প্রেসিডেন্ট বারাক ওবামা। পরিস্থিতি মোকাবিলার বিষয়ে তাই তিনি বলেন, ‘আমরা কাউকে মরতে দিতে পারি না। সবচেয়ে ভাল পন্থায় কারাগারের অনশন পরিস্থিতির মোকাবিলা করছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।’ কারাগারের এক মুখপাত্র স্বীকার করেন, গত সপ্তাহে ৪০ জন নার্সসহ সেনাবাহিনীর স্বাস্থ্য বিশেষজ্ঞের একটি দলকে সেখানে ঢুকানো হয়েছে। তিনি জানান, অন্তত ২১ জন বন্দিকে নাকে লম্বা পাইপ ঢুকিয়ে জোরপূর্বক খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের অবস্থা সংকটাপন্ন নয় বলে জানান ঐ মুখপাত্র। একই সাথে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ঐ অনশন শুরু হবার অভিযোগও অস্বীকার করে কারাগার কর্তৃপক্ষ।
অনশনরত বন্দিদের জোর করে খাওয়ানোর এই প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। গত মঙ্গলবার একে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দেন সংস্থার মুখপাত্র রুপার্ট কলভিল। তিনি বলেন, ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে তাকে খাওয়ানো জাতিসংঘ আর ওয়ার্ল্ড মেডিক্যাল অ্যাসোসিয়েশন উভয়ের দৃষ্টিতেই নিষ্ঠুর ও অমানবিক কাজ। চিকিত্সার নামে এই অপতত্পরতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। গুয়ান্তানামো বে কারাগারে বিভিন্ন দেশের বন্দিদের অনেককেই রাখা হয়েছে বিচার আর মৃত্যুর মাঝামাঝি। কয়েকজনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে শুধু সন্দেহভাজন হিসেবে আটক রাখা হয়েছে সেখানে। তথ্য আদায়ে এসব বন্দিদের উপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। সন্ত্রাসী প্রমাণিত হলে তাকে সাজা আর তা না হলে তাকে মুক্তি দেয়ার কোন আইনী প্রক্রিয়াই মানা হয়নি তাদের ক্ষেত্রে। এভাবেই শেষ হয়ে যাচ্ছিল বন্দিদের জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলো। গত ফেব্রুয়ারি থেকে গুয়ান্তানামো বে কারাগারে তাই শুরু হয় অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি। দু’একজন অনশন শুরু করলেও পরে তা ব্যাপকভাবে শুরু হয়। জানা যায়, কারাগারের ১৬৬ জন বন্দির মধ্যে শতাধিক বন্দি একযোগে চালিয়ে যাচ্ছে অনশন।
২০০২ সাল থেকে একের পর এক আল-কায়েদা ও তালেবান সন্দেহভাজনদের আটক করে ঐ কারাগারে আনা শুরু করেন মার্কিন গোয়েন্দারা। তখন থেকেই মূলত বিভিন্ন সময়ে নানা ঘটনার জের ধরে বন্দিরা অনশন করে। তবে সে সব কর্মসূচি ছিল সীমিত আকারে। সবশেষ গত ১৩ মে সেখানে সহিংসতার ঘটনাও ঘটে। এরপর সমপ্রদায়ভিত্তিক সেলে গোয়েন্দা ক্যামেরার নজরদারির মধ্যে পৃথক করা হয় কিছু বন্দিদের। এছাড়া প্রায় একশ’ বন্দিকে মুক্তি দেয়ার বিষয়ও চূড়ান্ত করা হয়। তবে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের কঠোর বিধিনিষেধের কারণে কারাগারেই তাদের রাখতে হচ্ছে। কারণ মুক্তিলাভের পর নিজ দেশে ফিরে জঙ্গি তত্পরতায় যোগ দিলে জবাবদিহিতার কঠিন বাধ্যবাধকতা রয়েছে কংগ্রেসের। এছাড়া বেসামরিক আদালতে তাদের বিচারে অর্থ বরাদ্দ বাতিল করা হয়। বিষয়টির নিষ্পত্তির জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পরিচালক টম ডনিলনকে চিঠিও দেন গোয়েন্দা সংক্রান্ত সিনেট কমিটির প্রধান দাইয়ান ফেইনস্টেইন। মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে গত নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিশ্রুতি ছিলো গুয়ান্তানামো বে বন্দিশালা বন্ধ করার কাজকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া। সিনেটরদের বাধার মুখে একদফা এ কাজে ব্যর্থ হলেও তিনি আবার নতুন করে এই তত্পরতা শুরুর ঘোষণা দেন। গত ৩০ এপ্রিল হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, গুয়ান্তানামো বে’র কারণে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিশ্বের বুকে আমেরিকার অবস্থান আর সন্ত্রাসবিরোধী কাজে বন্ধু দেশগুলোর সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। এমনকি এর কারণে চরমপন্থাও বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের বেসামরিক আইন-আদালত বন্দিদের সংশ্লিষ্ট অপরাধের বিচারে যথেষ্ট বলেও জানান প্রেসিডেন্ট ওবামা। ঐ কারাগার বন্ধ করতে তিনি পার্লামেন্ট সদস্যদের সাথে নতুন করে আলোচনা শুরু করবেন বলেও ঘোষণা দেন।
২০০৯ সালের জানুয়ারিতে গুয়ান্তানামো বে কারাগারে ছিল ২৪৫ জন বন্দি। প্রেসিডেন্ট ওবামার ক্ষমতা গ্রহণের পর ২০১২ সালের মে অব্দি ঐ সংখ্যা নেমে আসে ১৬৯-এ। বিভিন্ন দেশের সাথে চুক্তি সাপেক্ষে কিছু বন্দিকে তাদের নিজ দেশে পাঠানো হয়। চলতি বছরের এপ্রিল থেকে ঐ বন্দিশালায় আছে ১৬৬ জন। এদেরই একজন নাইন ইলেভেনের হামলায় অভিযুক্ত খালিদ শেইখ মোহাম্মদ। তাকেসহ পাঁচজনকে মার্কিন সেনা ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে। আরো ৩৬ জন বন্দির বিরুদ্ধে তদন্ত চলছে বলে বলা হচ্ছে। এছাড়া ৪৮ জনকে অতি বিপজ্জনক দাবি করে তাদের অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
