সিরিয়ায় ধর্ষণে একাট্টা বিদ্রোহী ও সেনাবাহিনী

ধর্ষিতার শাস্তি মৃত্যদন্ড

আপডেট : ০৫ মে ২০১৩, ২১:০৫
সিরিয়ায় ধর্ষণ এখন স্বাভাবিক ঘটনা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনীই হোক আর তার বিরোধী মিলিশিয়া বাহিনীই হোক, ধর্ষণের অভিযোগ উভয়ের বিরুদ্ধেই। সিরিয়ায় ধর্ষণের বিরুদ্ধে কঠিন আইন থাকলেও যুদ্ধাবস্থার সুযোগে পুরুষরা যেন ধর্ষণকে অতিরিক্ত অস্ত্র হিসেবে ব্যবহার করতেই তত্পর হয়ে উঠেছে। অন্যদিকে আরব সংস্কৃতিতে একটি পরিবারের সম্মানের বিরাট হানি ঘটে সেই পরিবারের মেয়ে বা বধূটি ধর্ষণের শিকার হলে। শুধু পরিবারেরই নয়, গোত্রের গায়ে পর্যন্ত কালি লেগে যায়। সেই কালি থেকে গোত্র বা পরিবারকে রক্ষার একমাত্র উপায় মেয়েটিকে আত্মহত্যা করতে বাধ্য করা অথবা পরিবারের কাউকে দিয়ে তাকে হত্যা করানো। এই হত্যা বা খুনের কাজটি সম্পন্ন করতে সাধারণত এগিয়ে আসে পিতা, ভাই অথবা স্বামী। যুদ্ধের ডামাডোলের ভেতরে বহুদিন এই নারকীয় নির্যাতন আর মৃত্যুদণ্ডের বিষয়টি অজানা ছিলো। ধর্ষণের শিকার নারীরা কখনোই তাদের বিরুদ্ধে অত্যাচার হয়েছে এই মর্মে কোথাও সাক্ষ্য দেয়নি, স্বীকার করেনি। সম্প্রতি তারা মুখ খুলেছে মিডিয়ার কাছে। কিছু সামাজিক সংগঠন, ডাক্তারের কাছে কেউ কেউ পরোক্ষভাবে বর্ণনা দিয়েছেন তাদের উপর অত্যাচারের ঘটনা। সম্প্রতি একটি আরব সম্প্রচার কেন্দ্র প্রথম বিশ্ববাসীর কাছে তুলে ধরে গত দুই বছরে সিরিয়ার অভ্যন্তরে এই নারকীয় অত্যাচারের কিছু ঘটনা। কানাডার সংবাদপত্র ‘টরন্টো স্টার’ গুরুত্ব দিয়ে সম্প্রতি প্রকাশ করেছে এই অত্যাচারের কিছু কাহিনী। পত্রিকাটির সাংবাদিক হামিদা গফুর এই অজানা অধ্যায়ের বিস্তারিত কিছু তথ্য তুলে এনেছেন। নাওরের (আসল নাম নয়) শারীরিক ও মানসিক চিকিত্সা চলছে জর্ডানের একটি আশ্রয়কেন্দ্রে। যুদ্ধ শুরু হয় যে বছর (২০১১) সে বছরের শেষের দিকে নাওরকে সরকারি বাহিনী রাস্তা থেকে একদিন গ্রেফতার করে। তার দোষ, সে তার শখের ক্যামেরা দিয়ে ছবি তুলছিলো সরকারবিরোধীদের একটি সমাবেশের। এটা যে একটি বিরাট দোষ, সেটা নাওর ঠাহর করতে পারেনি, তাহলে তো সে নিজেকে আড়ালই করতো! সরকারি বাহিনী যখন তাকে তুলে নিয়ে যায়, তখনও সে জানে না তার অপরাধ। নাওরের বর্ণনা অনুযায়ী তাকে উলঙ্গ করে একটি সেলে আটকে রাখা হয় প্রায় মাসদুয়েক। সেই সেলে আরো তিনজন নারীও একই অবস্থায় ছিলো। সেলে আটকাবস্থায় প্রতিদিনই তারা ধর্ষণের শিকার হতো কারো না কারো দ্বারা। এমনকি কারাগার যারা পরিদর্শনে আসতো, তাদেরও আমন্ত্রণ জানানো হতো এই বলে যে, যদি তারা চায় তাহলে এইসব মেয়েদেরকে ব্যবহার করতে পারে। প্রায় মাসতিনেক পর কারাগারে একজন রক্ষীর সহায়তায় সে পালিয়ে যেতে সক্ষম হয় এবং প্রথম সুযোগেই জর্ডানে পালিয়ে আসে সে। তার পরিবারের কথা জানতে চাইলে নাওর জানায়, তাকে ধরে নিয়ে যাবার পরপরই তার স্বামী তার শিশুপুত্রকে নিয়ে বাহরাইনে চলে যায়। তার নিজের ভাই পরিবারের সম্মানের কথা ভেবে নাওরের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে, নাওর ফিরে এলে তাকে হত্যা করা হবে। হিবা (আসল নাম নয়) নামের আরেকটি মেয়ের পরিবারকে অপহরণ করে ২৪ দিন আটকে রেখেছিলো ‘সাবিলা ফাইটার’ নামের মিলিশিয়াদের একটি গ্রুপ। হিবাদের একজন আত্মীয় ‘ফারুক ব্রিগেড’ গ্রুপের সদস্য এবং এই গ্রুপটি সাবিলা গ্রুপের একজনের ভাইকে অপহরণ করেছে বলে অভিযোগ করা হয়। সেই মিলিশিয়াকে ফেরত নিতে হিবাদের পরিবারকে অপহরণ করে সাবিলা ফাইটার গ্রুপ। আটকাবস্থায় প্রতিদিন হিবাকে জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে যাওয়া হতো বাসা থেকে। তুরস্ক, লেবানন আর জর্ডানে সিরিয়ার অনেক নারীর অভিবাসনের পেছনে সবচেয়ে বড় কারণ এই ধর্ষণ বা ধর্ষণভীতি। এই একটি ব্যাপারে আসাদ বাহিনী ও তার বিরোধীদের মধ্যে বিরাট ঐক্য রয়েছে। নারীর সতীত্বের প্রতি আরব সংস্কৃতির কঠোর মনোভাবের জন্য আন্তর্জাতিক নানা সংগঠনও প্রকাশ্যে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারছে না। কারণ আশ্রয় নেয়া প্রতিবেশী দেশগুলোর সংস্কৃতিতেও নারীর একই দশা!