শেয়ারবাজারে লেনদেন কমেছে সূচক অপরিবর্তিত

আপডেট : ০৫ মে ২০১৩, ২১:১৯
গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন কমেছে। তবে সূচক অপরিবর্তিত রয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ১৪০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ১৭১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এদিকে, ডিএসইএক্স সূচক শূন্য দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮২ পয়েন্টে। রবিবার শুরুতে মূল্যসূচকের ওঠা-নামা প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন চললেও শেষ পর্যন্ত সাধারণ সূচকের বৃদ্ধি এক পয়েন্টও হয়নি। লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১১৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোমপানি হলো - অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড এয়ারওয়েজ, সিভিও পেট্রোকেমিক্যাল, বেক্সিমকো লিমিটেড, বেঙ্গল উইন্ডসর, ওরিয়ন ফার্মা, বিএসআরএম স্টীল, তিতাস গ্যাস, গোল্ডেন হার্ভেস্ট ও এসিআই লিমিটেড। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ টি কোমপানি হলো - রহিম টেক্সটাইল, এপেক্স ফুডস, এসিআই লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল, মডার্ন ডাইং, প্রাইম ফাইন্যান্স, বিএসআরএম স্টীল, জেমিনী সী ফুড, বেক্সিমকো ফার্মা ও দেশ ফার্মেন্টস। অন্যদিকে, এদিন লেনদেন শেষে সিএসই’র সূচক ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে মোট ১৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।