চলতি বছরের এপ্রিল মাসে প্রবাসী বাংলাদেশিরা ১১৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। অথচ তার আগের মাসে তারা ১২৩ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছিলেন। অর্থাত্ গতমাসে আগের মাসের চেয়ে প্রায় পাঁচ কোটি ডলার কম রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য দেখা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসীরা মোট এক হাজার ২৩০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। অন্যদিকে গত অর্থবছরে সারা বছর মিলে মোট এক হাজার ২৮৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। অর্থবছরের বাকি দুই মাসে আগের মাসগুলোর ধারাবাহিকতায় রেমিট্যান্স আসলে আগের অর্থবছরের চেয়ে প্রায় ২০০ কোটি ডলারের রেমিট্যান্স প্রবৃদ্ধি হতে পারে বলে বিশ্লেষণে দেখা গেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থবছরের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে অক্টোবর মাসে। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছিল গত নভেম্বর মাসে। সেসময়ে ১১০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া জুলাই মাসে এসেছিল ১২০ কোটি ডলার, আগস্ট ও সেপ্টেম্বরে ১১৭ কোটি ডলার করে, ডিসেম্বরে ১২৮ কোটি, জানুয়ারিতে ১৩২ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
এপ্রিল মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৪০ কোটি ৮০ লাখ ডলার এবং বিশেষায়িত দু’টি ব্যাংকের মাধ্যমে এক কোটি ৩৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আর বেসরকারি ২৯টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৭৪ কোটি ৬৭ লাখ ডলার এবং বিদেশি নয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে এক কোটি ৩৬ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, টাকার বিপরীতের ডলারের চাঙ্গা ভাবের কারণে চলতি বছরের প্রথম থেকেই প্রবাসীরা বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ডলারের দাম কমে যাওয়ার কারণে প্রবাসীরা কম পরিমাণে রেমিট্যান্স পাঠিয়ে থাকতে পারেন বলে তারা মনে করছেন।
