চলতি মাসে চুড়ান্ত হচ্ছে এসডিজি

আপডেট : ০৫ মে ২০১৩, ২১:১৯
চলতি মাসেই চুড়ান্ত করা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি। ২০০০ সাল থেকে শুরু হওয়া সহশ্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি শেষ হচ্ছে আগামি ২০১৫ সাল নাগাদ। এর পরে ২০৩০ সাল পর্যন্ত পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্য বা সাসটেনেবল ডেভলপমেন্ট গোলস (এসডিজি) এর লক্ষ্যমাত্রা প্রায় চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এমডিজির মূল লক্ষ্যমাত্রায় ক্ষুধা-দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন থাকলেও আসছে এসডিজিতে দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠা ভিত্তিক পরিকল্পণা থাকছে। চলতি মে মাসেই এর খসড়া চুড়ান্ত করে জাতিসংঘে পাঠানো হবে। এ বিষয়ে পরিকল্পণা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম ইত্তেফাককে জানান, এমডিজি পরবর্তী এসডিজি’র লক্ষ্যমাত্রা নির্ধারনে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় শেষ পর্যায়ে। চলতি মাসের শেষদিকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হবার পর এসডিজি’র লক্ষ্যমাত্রার প্রতিবেদন জাতিসংঘে প্রেরণ করা হবে। তিনি জানান, এমডিজিতে ৮ মূল অর্জনের জন্য ২১টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো এবং অগ্রগতি পরিমাপকের জন্য ৬০টি সূচক নির্ধারণ করা ছিলো। আসছে এসডিজি’র জন্য ৯টি খাতে অর্জনের জন্য ৪৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০১২ সালের জুনে ব্রাজিলের রিয়ো দা জোনিরোতে জাতিসংঘ আয়োজিত টেকসই উন্নয়ন বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে এমডিজি’র ওপর ভিত্তি করে টেকসই উন্নয়ন লক্ষ্য বা সাসটেইনেবল ডিভালাপমেন্ট গোলস (এসডিজি) গ্রহণ করা হয়। ২০১৫ সালের পর থেকে এসডিজি’র বাস্তবায়ন শুরু হবে। বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং শিশু শ্রমিকদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা, নারীর প্রতি সহিংসতা ৭৫ শতাংশ কমিয়ে আনা, শত ভাগ শিক্ষার সুযোগ সৃষ্টিসহ স্কুল থেকে ঝরে পড়া শিশুদের সংখ্যা ১০ শতাংশে নামিয়ে আনা। শিক্ষা খাতের মোট বরাদ্দের ২০ শতাংশ কারিগরি ও প্রশিক্ষাণ খাতে বরাদ্দ, মোট জাতীয় আয়ের ৫ শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয় করা উল্লেখযোগ্য। মোট শ্রম শক্তিতে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করা, দরিদ্র্য সীমার নিচে বাসকারীদের সকলকে সামাজিক নিরাপত্তাবলয়ে নিয়ে আসার লক্ষ্য রয়েছে। তাছাড়া ২০৩০ সালের মধ্যে দেশের চরম দরিদ্র্য মানুষের সংখ্যা দুই-তৃতীয়াংশ হ্রাসের লক্ষ্য রয়েছে। এবার লক্ষ্যমাত্রায় প্রবাসে নিয়োজিত বিপুল পরিমান জনশক্তির উন্নয়নের লক্ষ্য রয়েছে। দেশ থেকে ম্যালেরিয়া ও যক্ষ্মা নির্মূল করাসহ শতভাগ মানুষের জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের লক্ষ্যমাত্রা রয়েছে।