সড়কপথে ঢাকা থেকে কলকাতায় পৌঁছতে ১০ ঘণ্টার বেশি সময় লাগার কথা নয়। এর মধ্যে ঢাকা থেকে বেনাপোল পৌঁছতে ৬ ঘণ্টা; ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ শেষ করতে ১ ঘণ্টা এবং হরিদাসপুর থেকে কলকাতার নিউমার্কেট পর্যন্ত পৌঁছতে ৩ ঘণ্টা সময় লাগে। যত সব সমস্যা আমাদের দেশে। প্রথমত, ঢাকা থেকে কলকাতাগামী কোনো বাস যথাসময়ে ছাড়ে না। ১ থেকে দেড়ঘণ্টা সময় পর্যন্ত বিলম্ব করে বাস ছাড়ে। দ্বিতীয়ত, জ্যাম ও রাস্তা দখল করে ট্রাকসহ বিভিন্ন যানবাহন পার্কিং গাবতলী, হেমায়েতপুর ও সাভারে এরকম অবস্থা দেখা যায়। এদিকে যশোরের পরে বেনাপোল পর্যন্ত রাস্তার ওপর বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখার কারণে বাস চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এজন্যই ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত পৌঁছতে প্রতিদিনই প্রায় ১২ ঘণ্টা সময় পর্যন্ত লেগে যাচ্ছে। এ অবস্থায় রাস্তার ওপর যাতে কেউ কোন যানবাহন পার্কিং করে রাখতে না পারে এদিকে সংশ্লিষ্ট বিভাগকে একটু কঠের হতে হবে। জরিমানার ব্যবস্থা থাকলে কেউই বিশ্বরোডের ওপর যানবাহন পার্কিং করে রাখার সাহস দেখাবে না। সেইসঙ্গে প্রয়োজন বিশ্বরোডের প্রশস্ততা আরো বাড়ানো। অন্যদিকে বাসগুলো যথাসময়ে ছাড়ার ব্যবস্থা করা হলেই ১০ ঘণ্টার মধ্যেই ঢাকা থেকে কলকাতায় পৌঁছানো সম্ভব হবে। এ ব্যাপারে স্ব স্ব বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন,
রূপনগর, ঢাকা
