গতকাল রবিবার ভোরে কালবৈশাখী ঝড়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্ ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ঘাটে নোঙ্গর করা ১৭টি নৌকা মেঘনা নদীতে ডুবে গেছে। নৌকাগুলোতে প্রায় ৫শ’ টন ধান ছিল। এছাড়া ঝালকাঠিসহ দেশের বিভিন্নস্থানে ঝড়ে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্তসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ভোরে ঝড়ের আঘাতে আশুগঞ্জ ধানের মোকাম ঘাট থেকে ১৭টি নৌকা নোঙ্গর ছিঁড়ে নদীতে তলিয়ে যায়। ঝড় থেমে যাওয়ার পর নৌকাগুলোর অবস্থান নিশ্চিত করে ডুবুরিরা ধান উদ্ধার শুরু করেছেন। তবে ১২টি নৌকার সন্ধান পাওয়া গেলেও ৫টি এখনো নিখোঁজ রয়েছে। নৌকাগুলো কিশোরগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওর অঞ্চল থেকে ধান নিয়ে শনিবার বিকালে ঘাটে নোঙ্গর করে।
উপজেলা ধান ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম জারু জানান, ডুবে যাওয়া ১২টি নৌকার ধান উদ্ধারের কাজ চলছে। তবে ভিজে যাওয়া এই ধান বিক্রি করার সময় ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে।
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির রাজাপুর উপজেলায় গতকাল সকালে কালবৈশাখীর ঝড়ে ৬ ইউনিয়নের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শনিবার রাত থেকে প্রবল বৃষ্টিপাতে উপজেলার শত শত হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। ঝড়ে বহু গাছ ও ডালপালা উপড়ে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তাওফিকুল আলম জানান, উপজেলার প্রায় ৩০ হেক্টর জমির সূর্যমুখী, ৮০ হেক্টর জমির ভুট্টা এবং ৫শ’ হেক্টর জমির ডাল ও মৌসুমী সবজির বেশিরভাগ ক্ষেতেই পানি জমে গেছে। তবে দ্রুত পানি নেমে গেলে তেমন ক্ষতি হবে না বলে তিনি জানান।
