জামায়াতের দুই জেলা আমীরসহ চারজন রিমান্ডে

আপডেট : ০৫ মে ২০১৩, ২২:৩২
নাশকতার অভিযোগে রাজধানীর উত্তরা ও ফকিরাপুল থেকে অস্ত্র-বিস্ফোরকসহ গ্রেফতার জামায়াতের দুই জেলা আমীরসহ চারজনকে পৃথক দুই মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন দুইটি আদালত। রাজধানীর উত্তরা থানার অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর ও ফুলকুঁড়ি ইসলামী একাডেমির অধ্যক্ষ নজরুল ইসলামের ৫ দিন, ক্যাপ্টেন জাহাঙ্গীর কলেজের প্রফেসর ও বায়তুল মাল এর সাধারণ সম্পাদক আব্দুল লতিফ এবং রক্সি পেইন্ট এর প্রধান কেমিস্ট মো. শাহজাহানের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমান এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানা পুলিশের পরিদর্শক আজিজুর রহমান আসামিদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। উল্লেখ্য, গত শনিবার ভোর রাতে ঢাকার উত্তরা থেকে আসামি মো. শাহজাহানের বাসা থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার হওয়ার সময় নজরুল ইসলামের কাছ থেকে ১টি রিভলবার ৩ রাউন্ড গুলি, আবদুুল লতিফের কাছ থেকে ১২টি হাতবোমা ও শাহজাহানের কাছে থেকে কিছু ধর্মীয় বই উদ্ধার করা হয়। এদিকে, ফকিরাপুল এশিয়া হোটেল থেকে মতিঝিল থানা পুলিশের হাতে একই দিন গ্রেফতার হওয়া জামায়াতের ফেনী জেলার আমীর আবু বক্করের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভুঁইয়া বিস্ফোরক আইনের মামলায় তদন্ত কর্মকর্তার প্রার্থিত ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। গ্রেফতার হওয়ার সময় তার কাছ থেকে ১০টি হাতবোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়।