রাজধানীতে অবস্থান নিল হেফাজত

আপডেট : ০৫ মে ২০১৩, ২৩:১৪
ইসলাম ও মহানবীর (সা.) অবমাননাকারী ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে লাগাতার অবস্থানের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত সমাবেশে রাতে পাঠানো লিখিত বক্তব্যে নেতা-কর্মী-সমর্থকদের লাগাতার এই অবস্থান করার নির্দেশ দেন সংগঠনের আমির শাহ আহমদ শফী। তবে লাগাতার এই অবস্থান সত্যিকার অর্থে কতক্ষণ চলবে তা গতরাত সাড়ে দশটা পর্যন্ত এই রিপোর্ট লেখা পর্যন্ত পুরোপুরি স্পষ্ট হওয়া যায়নি। শ্বাসরুদ্ধকর উত্তেজনা, উদ্বেগ, শঙ্কা ও ব্যাপক সহিংসতার মধ্যেই রাত পর্যন্ত মতিঝিলসহ আশপাশের এলাকায় জড়ো হওয়া হেফাজতে ইসলামের লাখ লাখ নেতা-কর্মী-সমর্থক রাজপথে অবস্থান করছিলেন। এর আগে ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানীর চারপাশে অবরোধ করেন তারা। অবরোধের মাধ্যমে রাজধানীকে কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়। দুপুরের পরপরই তারা পায়ে হেঁটে, কেউ পিকআপ ভ্যানে করে মতিঝিলের সমাবেশে যোগ দেন। বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সমাবেশের অনুমতি দিয়েছিল পুলিশ। তবে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে নির্ধারিত সময়ের আগেই তারা সমাবেশ শুরু করেন। পরে নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও সন্ধ্যার পর থেকে তারা মতিঝিলে অবস্থান নিয়ে নেন। বিকেলে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সন্ধ্যার মধ্যে সমাবেশ শেষ না করলে সরকার ব্যবস্থা নেয়া বলে যে হুঁশিয়ার দেন, এর পাল্টা জবাবে হেফাজতে ইসলামের কেন্দ ীয় নেতারা বলেছেন ‘আমরা পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম। আমরা রাজপথে থাকব। বরং সরকারকে বলবো-আজ রাতের পর সকালে আপনারা কোথায় পালাবেন সে পথ খুঁজতে থাকুন।’ হেফাজত নেতারা সরকারকে আরও হুঁশিয়ার দিয়ে বলেন, ‘নাস্তিকদের পক্ষ নিয়ে এবং আমাদের নেতাকর্মীদের উপর গুলি চালিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে থাকার অধিকার হারিয়েছেন। আমরা আর তাকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আমরা রক্ত দিয়েছি, আরও রক্ত দেব। আমরা রক্ত ও জীবন দিতেই এখানে এসেছি। দাবি আদায় না করে ঘরে ফিরব না।’ নিহতদের ‘শহীদ’ উল্লেখ করে তারা বলেন ‘তাদের রক্তের শপথ নিয়ে বলছি-বাংলাদেশে ইসলামী হুকুমাত কায়েম করবোই। ৯০ ভাগ মুসলমানের এই দেশে কোনো নাস্তিককে থাকতে দেয়া হবে না।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তারা বলেন, অতীতেও কেউ নাস্তিকদের এদেশে রক্ষা করতে পারেনি। আপনার বাবাও পারেনি, আপনিও পারবেন না। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে নাস্তিকদের সঙ্গ ছাড়ুন। আপনার মন্ত্রিসভায় ১৩ জন নাস্তিক রয়েছেন।’ সমাবেশে না এলেও সংগঠনের আমির শাহ আহমদ শফী রাত সাড়ে ৮টার দিকে নেতাকর্মীদের রাজপথে অবস্থানের নির্দেশ দেন। তার এই নির্দেশের কথা সমাবেশে উপস্থিত কর্মী-সমর্থকদের জানান সংগঠনের প্রচার সেলের প্রধান আহলুল্লাহ ওয়াসেল। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সমাবেশে ঘোষণা দেয়া হয়, ‘পুলিশের গাড়িতে করে আল্লামা শফী সমাবেশস্থলে আসছেন’। পরে জানা গেছে, পলাশী মোড় পর্যন্ত এসে তিনি লালবাগের শাহী মসজিদের কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে যান। সেখান থেকেই তিনি এই অবস্থান কর্মসূচির নির্দেশ পাঠান। জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে শাহ আহমদ শফী শেষ পর্যন্ত সমাবেশস্থলে আসেননি। এর আগে মাগরিবের নামাজের পর রাখা বক্তব্যে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবু নগরী বলেন, ১৩ দফা দাবি পূরণ করাই আমাদের একমাত্র লক্ষ্য, এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই। সরকারকে নামানোর জন্য কিংবা কাউকে গদিতে বসানোর জন্য আমরা আন্দোলন করছি না। এ আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, এটা নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে। তিনি বলেন, প্রয়োজনে এক মাস আমরা এখানে অবস্থান করব। নিহতদের রক্ত বৃথা যেতে দেব না। আমরা শাহাদাত বরণ করতে এখানে এসেছি। নাস্তিক-মুরতাদদের কবর বাংলার মাটিতে রচনা করবোই। ‘শয়তান মঞ্চ’ (শাহবাগের গণজাগরণ মঞ্চকে ইঙ্গিত করে) ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। পুলিশ-র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বাবু নগরী বলেন ‘আর যদি একটি গুলি চালানো হয়, তাহলে চক্ষু খুলে নেব।’ তার বক্তব্যের পর হেফাজতের কেন্দ ীয় এক নেতা মাইকে বলেন, আমরা কারও রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব। প্রয়োজনে সবাই জীবন দেব। সবার জীবন নিয়ে যদি এ সরকার ক্ষমতায় থাকতে পারে, তাহলে থাকুক। বিকালে দেয়া বক্তব্যে হেফাজতে ইসলামের ?যুগ্ম আহ্বায়ক আব্দুর রব ইউসুফি বলেন, যতদিন দরকার হয় আমরা ততদিনই মতিঝিলে থাকব। তবু দাবি আদায় করেই ছাড়ব। সরকারকে কীভাবে দাবি মানাতে হবে তা আহমদ শফি ভালো করে জানেন। এই সরকার এখনও আহমদ শফিকে চিনতে পারেনি। যখন চিনতে পারবে তখন আর তাদের কিছু করার থাকবে না। সরকারের উদ্দেশ্যে হেফাজতের এই নেতা বলেন, এখনও সময় আছে হেফাজতের ১৩ দফা মেনে নিন। না হলে যেকোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায় বহন করতে হবে। হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর উপদেষ্টা আব্দুল লতিফ নেজামী র্যাব-পুলিশকে উদ্দেশ্য করে বলেন, হেফাজতের কর্মীদের উপর কারা হামলা করছেন চিহ্নিত করে ব্যবস্থা নিন। কারণ আমরা অনুমতি নিয়েই সভা করছি। সে কারণে আমাদের নিরাপত্তা দেওয়াও আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে। অবিলম্বে ব্যবস্থা নেয়া না হলে কঠিন পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার জন্য হুমকি দেন তিনি। সংগঠনের আরেক কেন্দ ীয় নেতা বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে-একটি কুচক্রি মহল বিভিন্ন দূতাবাসে হামলা চালিয়ে হেফাজতে ইসলামের ওপর দোষ চাপাতে পারে।’ এ ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। সমাবেশ থেকে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়ার দাবিও জানানো হয়। সংগঠনের কেন্দ ীয়, ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা নেতারা যখন বক্তব্য রাখছিলেন তখন পুরো সমাবেশস্থল এবং এর আশপাশের এলাকায় চরম উত্তেজনা ও শঙ্কা বিরাজ করছিল। ট্রাকে স্থাপিত অস্থায়ী মঞ্চে থাকা নেতাদের প্রায় প্রত্যেককেই সারাক্ষণ মোবাইলে সহিংসতার খবরাখবর নিতে দেখা গেছে। আর কিছুক্ষণ পর পরই মাইকে বলা হচ্ছিল, ‘আমরা খবর পাচ্ছি বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের নেতা-কর্মীদের বাধা দেয়া হচ্ছে, নির্বিচারে গুলি চালানো হচ্ছে, অনেককে আটকে রাখা হচ্ছে। এখনই গুলি বন্ধ করতে হবে, আমাদের নেতা-কর্মীদের ছেড়ে দিন। আমরা এখনও ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে আমরা প্রতিশোধ নেব।’ কিছুক্ষণ পর পরই যখন মাইকে এসব ঘোষণা আসছিল তখন উপস্থিত নেতা-কর্মীরা সবাই ক্ষোভে উঠে দাঁড়াচ্ছিলেন। এসব বক্তব্যের মাঝেই কয়েকজন কর্মী একটি চৌকিতে করে একটি মৃতদেহ মঞ্চের সামনে নিয়ে আসেন। এতে ক্ষোভের মাত্রা আরো বাড়ে। কর্মীদের বেশিরভাগেরই হাতে ছিল লাঠি, মাথায় ছিল পট্টি ও আরবীতে কলেমা তৈয়্যবা লেখা ফিতা বাঁধা। হাতে ছিল ‘নাস্তিক’দের বিরুদ্ধে লেখা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, কারও কারও হাতে জাতীয় পতাকাও ছিল। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং সমাবেশকে নিরাপদ করতে বিশেষ মোনাজাত করা হয়। র্যাব-পুলিশের উদ্দেশ্যে বক্তারা কিছুক্ষণ পর পরই বলতে থাকেন, ‘বাংলাদেশে থাকতে চাইলে গুলি বন্ধ কর। আর কত গুলি চালাবে, কত টিয়ার সেল মারবে, সাবধান হয়ে যাও। জনগণের টাকায় কেনা গুলি জনতার বুকে চালাবেন না। ইসলামের বিরুদ্ধে এই গুলিকারীদের দেশের আলেম-ওলামা রেহাই দেবেন না।’