রাজধানীর পল্টন, বায়তুল মোকাররম, গুলিস্তানসহ আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। পুলিশও পাল্টা হাজার হাজার রাউন্ড ফাঁকা রাবার বুলেট, টিয়ারসেল ও গ্যাস গ্রেনেড নিক্ষেপ করেছে। সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া একজন ঘটনার সময় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক। গতকাল রবিবার দুপুর থেকে মধ্যরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে চলছিল পুলিশ-হেফাজত সংঘর্ষ। এতে করে ওইসব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হেফাজত নেতা-কর্মীরা দৈনিক বাংলা থেকে পল্টন পর্যন্ত আশপাশের ফুটপাতের শত শত দোকানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া পুরানা পল্টনে মুক্তি ভবন, ট্রাফিক (পূর্ব) পুলিশের অফিস ও হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের বেজমেন্টে থাকা অর্ধশত গাড়ি পুড়িয়ে দেয়। এ থেকে ভবনটির কয়েকটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। নিচতলায় থাকা আইডিয়াল প্রোডাক্টের অফিস পুড়ে ছাই হয়েছে। সন্ধ্যার পর পল্টনের র্যাংগস ভবনের পাশে জিপিও’র দোতলা পার্সেল (বিদেশে চিঠি পাঠানো হয়) ভবনও পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া রাজধানীতে শত শত গাড়ি, বড় বড় ভবন, মার্কেটে ভাঙচুর ও লুটপাট করে হেফাজত নেতা-কর্মীরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয় তারা। এ সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের বেশকিছু দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। হেফাজত-পুলিশ সংঘর্ষের ঘটনায় গোটা রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মতিঝিল ও আশপাশের এলাকার অফিসের লোকজন ও সাধারণ মানুষ এই সংঘর্ষের মধ্যে পড়ে দিশেহারা হয়ে যান। অনেকে অফিস বাদ দিয়ে যত দ্রুত সম্ভব ঘরে ফিরে যান।
বঙ্গবন্ধু এভিনিউ ও আশপাশের এলাকায় হেফাজত কর্মীদের প্রতিহত করতে পুলিশের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে সেখানে হেফাজত নেতা-কর্মীরা আওয়ামী লীগ অফিসে হামলা চালানোর চেষ্টা করে। পরে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার মুখে তারা পিছু হটে। এখানে সংঘর্ষের ঘটনায় সিদ্দিকুর রহমান (২৮) নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশত পুলিশ ও হেফাজত কর্মী। এখানে হেফাজতের বেশ কয়েকজন কর্মীকে ছাত্রলীগ কর্মীরা পিটিয়েছে। এছাড়া বায়তুল পৃষ্ঠা ১৯ কলাম ৭
পল্টন গুলিস্তান রণক্ষেত্র
প্রথম পৃষ্ঠার পর
মোকাররম এলাকায় পুলিশ-হেফাজত সংঘর্ষে আরো তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহত দু’জন হলেন নাহিদ (২২), জুবায়ের ও অজ্ঞাত (৪০)। এর মধ্যে জুবায়েরের লাশ মতিঝিলের শাপলা চত্বরে রাখা হয়েছে। অন্যদের লাশ ঢাকা মেডিক্যালে রয়েছে। ঘটনার সময় কামাল উদ্দিন নামে একজন হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। একজন পুলিশ সদস্যকে ধরে নিয়ে বেধড়ক পেটানোর পর মাথায় কুপিয়েছে হেফাজত নেতা-কর্মীরা। সন্ধ্যায় দৈনিক বাংলা মোড় থেকে পল্টন ও পল্টন থেকে নাইটিঙ্গেল পর্যন্ত রোড আইল্যান্ডের সব গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দেয় হেফাজতের কর্মী-সমর্থকরা। যে কারণে পুলিশ সেদিকে এগোতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৯টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে শিবির কর্মীরা দলীয় ব্যানার নিয়ে মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে শিবির কর্মীরা আশপাশের অলি-গলিতে ঢুকে পড়ে। সেখান থেকে তারা পুলিশের উপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। এরপর শিবির কর্মীরা পিছু হটে। বেলা ১১টার দিকে ওই এলাকায় হেফাজত নেতা-কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয় ওই এলাকায়। এ সময় বায়তুল মোকাররম মসজিদের অভ্যন্তরে পুলিশের দু’টি মোটর সাইকেলে আগুন দেয়া হয়। ঘটনার নেপথ্যে শিবিরের নেতা-কর্মীরা ছিল বলে পুলিশ দাবি করেছে। সেখানে হেফাজতের নেতা-কর্মীরা বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ এ সময় সেখানে টিয়ারসেল ও ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হেফাজত কর্মীরা আরো সংগঠিত হয়ে সহিংসতা বাড়িয়ে দেয়। বেলা দেড়টার দিকে পুলিশ তাদের ধাওয়া করে দৈনিক বাংলা মোড়ের দিকে পাঠিয়ে দেয়। সেখান থেকেই হেফাজত কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল ছুঁড়তে ছুঁড়তে বায়তুল মোকাররমের উত্তর গেটের দিকে এগোতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি আর্মার্ড কার নিয়ে ফাঁকা গুলিবর্ষণ করতে থাকে। এর সঙ্গে চলে টিয়ারসেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড। এছাড়া লাঠি নিয়ে কয়েকশ’ পুলিশ সদস্য তাদের প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু হেফাজত নেতা-কর্মীদের ইটের তোপে টিকতে না পেরে তারা পিছু হটে। পুলিশ পিছু হটতে হটতে পুরানা পল্টন মোড়ে অবস্থান নেয়। আর আশপাশের হেফাজত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ছিল। এভাবে থেমে থেমে পুরানা পল্টন, বায়তুল মোকাররম, বিজয়নগর, বঙ্গবন্ধু এভিনিউয়ের আশপাশে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ চলে। মধ্যরাতে এ রিপোর্ট লেখার সময় হেফাজত কর্মীরা শাপলা চত্বরে অবস্থান করছিলেন। আর চারদিক দিয়ে তাদের ঘিরে রেখেছে পুলিশ, র্যাব ও বিজিবি। এর আগে রাত ১০টার দিকে ভবনগুলোতে দেয়া আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রাত ১২টার দিকে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, নির্বিচারে বিভিন্ন ভবন ও যানবাহন ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে। দেখে মনে হবে, এটা যেন যুদ্ধ বিধ্বস্ত কোন এলাকা।
বায়তুল মোকাররম ও পুরানা পল্টন এলাকায় পুলিশের সঙ্গে হেফাজত নেতা-কর্মীদের সংঘর্ষ চলার সময় দৈনিক বাংলা মোড় থেকে পল্টন পর্যন্ত রাস্তার দুইপাশের ফুটপাতের শত শত দোকানে আগুন ধরিয়ে দেয়া হয়। এর মধ্যে বায়তুল মোকাররমের সামনে বইয়ের দোকানও পুড়িয়ে দেয়া হয়। এসব বইয়ের মধ্যে কোরআন শরীফসহ অনেক ধর্মীয় বইও ছিল। এই সড়কের মধ্যে যেখানে গাড়ি পাওয়া গেছে সেগুলোতে নির্বিচারে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়া হয়। বিকালে হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন ভবনের বেজমেন্টে থাকা ৫০টি গাড়িতে আগুন দেয়া হয়। আগুনের লেলিহান শিখা ভবনটির কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। হেফাজত নেতা-কর্মীদের প্রতিরোধের মুখে প্রথমে ফায়ার সার্ভিসের গাড়ি ওই এলাকায় পৌঁছাতে পারেনি। সন্ধ্যায় জিপিও’র পেছনের একটি দোতলা ভবনে আগুন দেয় হেফাজত কর্মীরা। এতে অনেক বিদেশি ডাক ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্টনে মুক্তি ভবনে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুন কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। এ সময় বায়তুল মোকাররম মার্কেটের কয়েকটি জুয়েলারি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে প্যারাগন জুয়েলার্স, খান জুয়েলার্স, ফেমাস জুয়েলার্স, তাইওয়াবা জুয়েলার্স পুড়ে যায়। বায়তুল মোকাররম দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান জানান, মার্কেট তালাবদ্ধ ছিল, কোন দোকান লুটের খবর তারা পাননি।
এর আগে সাড়ে তিনটার দিকে হেফাজত কর্মীরা ট্রাফিক (পূর্ব) পুলিশের অফিসে আগুন ধরিয়ে দেয়। পুরো অফিসটিই পুড়ে ছাই হয়ে যায়। বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন দেয়ায় পিয়ারুল ইসলাম নামে পুলিশের এক কনষ্টেবল অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় অরো দুইজন কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুপুর ২টার দিকে হেফাজত নেতাকর্মীরা মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের অফিসে হামলার চেষ্টা করে। এ সময় পুলিশ ও র্যাব তাদের প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে যোগ দিয়ে হেফাজতের নেতাকর্মীদের ধাওয়া করে। এ সময় সেখানে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পিছু হটে হেফাজত সমর্থকরা গোলাপ শাহ মাজারের জানালার কাঁচ ভাঙচুর করে গিলাফ নিয়ে চলে যায়। এছাড়া মতিঝিলে কয়েকটি বেসরকারি ব্যাংকের কার্যালয়ে হামলা চালায়। বিভিন্ন ব্যাংকের এটিএম বুথও তাদের হামলা থেকে রক্ষা পায়নি। পরে হেফাজত নেতাকর্মীরা সংগঠিত হয়ে আবারও আওয়ামী লীগ অফিসে হামলার চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি ছুঁড়লে সিদ্দিকুর রহমান নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আহত হন বেশ কয়েকজন। জানা গেছে, নিহত সিদ্দিকুর রহমান একটি পরিবহন কোম্পানির বাসের হেলপার। পুলিশ তাদের দায়িত্ব পালনের জন্য ওই বাসটি রিক্যুজিশন করে এনেছিল। আওয়ামী লীগের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ জানান, হেফাজত কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের অফিসে হামলা করার চেষ্টা করলে কর্মীরা তাদের বাধা দেয়।
বিকাল সোয়া তিনটার দিকে বিজয়নগর ও কাকরাইল এলাকায় তাণ্ডব চালায় হেফাজত নেতাকর্মীরা। তারা ভাঙচুর করে একটি পেট্রোল পাম্প। এ সময় তাদের হামলায় আহত হন পেট্রোল পাম্পের কয়েকজন কর্মচারী। ওই এলাকার রোড আইল্যান্ডের গাছগুলো কেটে রাস্তায় ফেলে অবরোধ তৈরি করে বিক্ষোভকারীরা। রাস্তায় গাছ পড়ে থাকার কারণে পুলিশ যানবাহন নিয়ে সামনের দিকে এগোতে পারেনি। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ইত্তেফাককে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩২ প্লাটুন নামানো হয়েছে রাজধানীতে। নাশকতামূলক সব তত্পরতা শক্ত হাতে দমন করা হবে বলেও জানান তিনি। জানা গেছে, হেফাজত কর্মীরা পুরানা পল্টন মোড় ও বায়তুল মোকাররম এলাকা এবং এর আশপাশে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকলে দুপুরের পর এই ১২ প্লাটুন বিজিবি নামানো হয়। পরে রাতে আরো ২০ প্লাটুন নামানো হয়। রাতে একসঙ্গে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের সমন্বয়ে যৌথবাহিনী কাজ করছে।
রাজধানীর পল্টনসহ আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষের দায়িত্ব পালনকালে ১০ জন সংবাদকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সংবাদকর্মীরা হলেন ‘দৈনিক জনকণ্ঠ’র সিনিয়র রিপোর্টার ফিরোজ মান্না, ‘নিউ এজ’র প্রতিবেদক রফিকুল ইসলাম, গাজী টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ হোসেন ও ক্যামেরাম্যান লিটন, সময় টেলিভিশনের প্রতিবেদক সাইফুল রুদ্র, মোহনা টেলিভিশনের প্রতিবেদক নাসির উদ্দিন, ক্যামেরাম্যান সজিব, বিডিনিউজের ফারহান ফেরদৌস ও ক্যামেরাম্যান মুন্না। বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি। আহত দুই সংবাদকর্মী গাজী টেলিভিশনের প্রতিবেদক সাজ্জাদ হোসেন ও ক্যামেরাম্যান লিটনকে হলিফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি কক্ষের কর্তব্যরত অফিস সহকারী তরিকুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত অন্তত ৭০ জন চিকিত্সা নিয়েছেন।
এদিকে এই সংঘর্ষের ঘটনায় পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসূত্রে জানা গেছে। আহত পুলিশের সদস্যরা হলেন নায়েক হান্নান, কনস্টেবল আনোয়ার হোসেন ও সাদ্দাম এবং বিজয়নগর কার্যালয়ে দেয়া হেফাজতের আগুনে অগ্নিদগ্ধ হয়েছেন ট্রাফিক পুলিশের কনস্টেবল পিয়ারুল। অন্যজনের নাম জানা যায়নি।
সর্বশেষ
রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুলে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। ফুটপাতের দোকান, রাস্তার আইল্যান্ডে আগুন ধরিয়ে দেয়ার পাশাপাশি হেফাজত কর্মীরা এ সময় পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। এদিকে একই সময় শাপলা চত্বরের অদূরে মতিঝিল থানার সামনে মুখোমুখি অবস্থানে রয়েছে হেফাজত কর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সেখানকার পরিস্থিতি এখন শান্ত। পুলিশের সতর্ক অবস্থানের কারণে সেখানে সংঘর্ষে জড়াতে পারেনি হেফাজত।
