এক নজরে ঘটনাবলী

আপডেট : ০৫ মে ২০১৩, ২৩:১৫
গতকাল রবিবার বেলা পৌনে ১১টার দিকে প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের অনুমতি দেয় হয়। সকাল ৯টায় শিবিরের সঙ্গে প্রথমে পুলিশের সংঘর্ষ। পরে বেলা ১১টার দিকে পল্টন এলাকায় পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বায়তুল মোকাররম মসজিদের সীমানা প্রাচীরের ভেতর রাখা দুইটি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দুপুর পৌনে দুইটায় হেফাজত ইসলাম একটি অংশ ও জামায়াত শিবির কর্মীরা লাঠিসোটা নিয়ে দৈনিক বাংলা মোড়ের ব্যারিকেড সরিয়ে তারা পল্টন মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংর্ঘষ শুরু। এ সময় ফুটপাতের শত শত দোকানে আগুন ধরিয়ে দেয়। আগুন দেয় ডিএমপির ডিসি ট্রাফিক (পূর্ব) অফিসে। পুড়ে যায় ট্রাফিক অফিসের ভেতর রাখা দু’টি মোটরসাইকেল। হেফাজত কর্মীদের হামলায় আহত হন এক পুলিশ সদস্য। বেলা দেড়টার দিকে হেফাজত ও জামায়াত-শিবির কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালাবার চেষ্টা করে। আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া চলে। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশের রিকুইজিশন করা একটি পরিবহন বাসের হেলপার সিদ্দিকুর রহমান। বিকাল সোয়া তিনটার দিকে বিজয়নগর ও কাকরাইলে ধ্বংসযজ্ঞ শুরু করে হেফাজত ইসলামের কর্মীরা। তারা ভাংচুর করে একটি পেট্রোল পাম্প। এসময় তাদের হামলায় আহত হন পেট্রোল পাম্পের কয়েকজন কর্মচারী। একই সময় পল্টনে মুক্তি ভবন, হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন, জিপিও’র একটি দোতলা ভবন ও বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের বেশ কিছু স্বর্ণের দোকানে আগুন দেয়া হয়। পুড়ে যায় শত শত যানবাহন ও এই ভবনগুলো। ব্যাংকের একটি এটিএম বুথও ধ্বংস করা হয়। বিকাল চারটার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে একটি সরকারি স্টাফ বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। সন্ধ্যার দিকে হেফাজত কর্মীরা আগুন লাগিয়ে দেয় রোড ডিভাইডারের কাঁটাতার ও খুঁটি খুলে। আগুন দেয়া হয় সংস্থাপন মন্ত্রণালয়ের পরিবহন পুলে। বায়তুল মোকাররম মিনার গেটে গণধোলাইয়ের শিকার হয়ে এক যুবক রাস্তায় পড়ে থাকে। সন্ধ্যা ৬ টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত মোবাইল ফোনের কল করে জানা যায়, তার নাম নাহিদ (২৬)। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। তিনি একজন দোকান কর্মচারী। প্রায় একই সময় দৈনিক বাংলা মোড় থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষ (৪৮) ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হামপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। তার পরনে ছিল চেক লুঙ্গি ও এস কালারের ফুলশার্ট। চিকিত্সক জানিয়েছে, তার ডান হাতে গুলি ও শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।