বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল রবিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, আওয়ামী লীগ আল্টিমেটাম কোনদিন গ্রহণ করেনি, এবারও গ্রহণ করবে না। হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সমাবেশ শেষ করে ঢাকা না ছাড়লে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সরকার যেকোন ধরনের কঠোর পদক্ষেপ নেবে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে ভবিষ্যতে ঢাকায়ও আসতে দেয়া হবে না। দরকার হলে ঘর থেকে তাদের বের হতে দেয়া হবে না। সংঘাতের পথে গেলে হেফাজতকে শায়েস্তা করতে আওয়ামী লীগই যথেষ্ট।
ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় জনাকীর্ণ এই সাংবাদিক সম্মেলন। মূলত শনিবারে মতিঝিল শাপলা চত্বরে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ঘোষিত আল্টিমেটাম এবং অভিযোগের জবাব দিতেই এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে সকাল থেকেই হেফাজতে ইসলামের সহিংস তাণ্ডবের বিষয়টিও উঠে আসে। সাংবাদিক সম্মেলনের আগে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের বেশ ক’জন শীর্ষ নেতা আলোচনা করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর দেয়া শর্তহীন সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিরোধী দলীয় নেত্রীর সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, আলোচনার পথ পরিহার করে খালেদা জিয়া সংঘাতের পথ বেছে নিয়েছেন। কিন্তু আমরা আশা করবো তিনি (খালেদা) ওই পথ পরিহার করে সংলাপের পথে আসবেন।
হেফাজতে ইসলামকে ‘পাকিস্তানের প্রেতাত্মা, একাত্তরের পরাজিত শক্তি ও রাজাকার-আলবদরের নতুন প্রজন্ম’ উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, আসলে বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলাম একই দল। হেফাজতের রক্তচক্ষুকে আওয়ামী লীগ ভয় করে না, কারোর হুমকি-ধমকিকে পরোয়াও করে না। সরকারের ধৈর্য ও সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না। কোন ধরনের বিশৃঙ্খলা না করে সমাবেশ শেষে ঢাকা ছাড়তে হেফাজতের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, নতুবা পরিস্থিতি স্বাভাবিক ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে যা যা করা দরকার সরকার তার সবই করবে।
সাংবাদিক সম্মেলনে বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আবদুল লতিফ সিদ্দিকী, মাহবুব-উল-আলম হানিফ, আবদুল মান্নান এমপি, আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, ড. আবদুর রাজ্জাক, ড. হাছান মাহমুদ, হাবিবুর রহমান সিরাজ, মৃণাল কান্তি দাস, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, এনামুল হক শামিম, আমিনুল ইসলাম আমিন, এম এ আজিজ, ইকবালুর রহীম এমপি, সেগুফতা ইয়াসমীন এমিলি প্রমুখ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার ৪৮ ঘণ্টার আল্টিমেটামের ২৪ ঘণ্টা না যেতেই আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে ওই আল্টিমেটাম প্রত্যাখ্যান করে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ হুমকি-ধমকিতে বিশ্বাস করে না। আমি আওয়ামী লীগের পক্ষ থেকে খালেদা জিয়ার আল্টিমেটাম প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে শর্তহীন আলোচনার প্রস্তাব দিয়েছেন। সমগ্র জাতি আশা করেছিল আলোচনার মাধ্যমে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠানে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। খালেদা জিয়া ও বিএনপির নেতারা দীর্ঘদিন ধরেই শর্তহীন আলোচনার কথা বলে আসছিলেন। প্রধানমন্ত্রী এতে সাড়া দিয়েই এ প্রস্তাব দিয়েছেন। কিন্তু বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর শর্তহীন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ কোন সামরিক শাসক নয়। গত নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়েছে। আওয়ামী লীগের উত্স বন্দুক বা অস্ত্র নয়, আওয়ামী লীগের শক্তির উত্স দেশের জনগণ। তাই আওয়ামী লীগ কোনদিন কারোর আল্টিমেটাম গ্রহণ করেনি, এবারও গ্রহণ করা হবে না। বিএনপি নেত্রীর উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীর শর্তহীন আলোচনায় উপস্থিত হোন, আসুন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করি। তিনি বলেন, আওয়ামী লীগ কখনও একদলীয় নির্বাচনে বিশ্বাস করে না। দেশের মানুষ খালেদা জিয়া ও তাঁর দল বিএনপির ইতিহাস জানে। আওয়ামী লীগ কখনোই একদলীয় নির্বাচন করেনি, ভবিষ্যতেও করবে না।
হেফাজতের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, একাত্তরে আপনাদের শক্তি আমরা দেখেছি। একাত্তরে আপনাদের পরাজিত করেছি। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে। রাজাকার-যুদ্ধাপরাধী-পরাজিত শক্তির হুমকি-ধমকিতে আমরা ভয় পাই না। তথাকথিত হেফাজত ধর্মের নামে তুলকালাম কাণ্ড ঘটাচ্ছে। দেশের মানুষ এসব কখনোই মেনে নেবে না। আমাদের পশুশক্তি নয় আত্মশক্তি রয়েছে। সমাবেশের নামে তারা সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে হামলা করছে, বোমা-গ্রেনেড মেরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে।
সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রীসহ নারীদের সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। কোনো আলেম-ওলামাদের মুখ থেকে এসব কুরুচিপূর্ণ কথা বের হতে পারে না। তিনি বলেন, সন্ধ্যার মধ্যে ঢাকা ত্যাগ করুন, নইলে সরকার যেকোন ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।
হেফাজতে ইসলামের ১৩ দফার মধ্যে কয়েকটিকে ‘মধ্যযুগীয়’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার সবই নারী। বিচারপতি, আইনজীবী, আমলা, সামরিক অফিসার, নিরাপত্তা বাহিনীসহ সর্বক্ষেত্রে নারীর অগ্রযাত্রা চলছে। এই অগ্রযাত্রা কেউ ব্যাহত করার চেষ্টা করলে অবশ্যই সরকার কঠোর ব্যবস্থা নেবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, খালেদা জিয়া যা বিশ্বাস করেন তা করেন না, আর যা বিশ্বাস করেন না তাই করেন। শুধু হেফাজতের সস্তা ভোট পেতেই একজন নারী হয়ে তিনি দেশের সমগ্র নারী সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দেশে হেফাজতের শাসন কায়েম হলে খালেদা জিয়াকে শুধু বোরকাই পরতে হবে না, তিনি ঘর থেকেও বের হতে পারবেন না।
আরেকটি ওয়ান ইলেভেনের আশঙ্কা করছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ইতিহাসের বারংবার পুনরাবৃত্তি হয় না।
গার্মেন্টস শিল্প নিয়ে অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, এ বিষয়ে বিদেশিদের কোন চাপ সরকারের ওপর নেই। তবে আমি গার্মেন্টস শিল্পের মালিকদের অনুরোধ করবো, একতলার ওপরে যেন কোন গার্মেন্টস শিল্প করা না হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বিদেশি ক্রেতারা আসবে না। সরকারও বাধ্য হবে এসব গার্মেন্টস শিল্প বন্ধ করে দিতে।
