মির্জা ফখরুল পাঁচ মামলায় জামিন পেলেন

আপডেট : ০৫ মে ২০১৩, ২৩:১৬
পৃথক ৫টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার ফখরুলের ছয় মাসের জামিন মঞ্জুর করে। গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার অভিযোগে নগরীর পল্টন, রমনা ও শাহজাহানপুর থানায় এসব মামলা দায়ের করা হয়। এসব মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়। কিন্তু টেলিভিশনের টক শোতে বিচারকের সমালোচনা হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের ওপর শুনানিতে গত ২৮ এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি শেখ মো. জাকির হোসেন শুনানি গ্রহণে বিব্রতবোধ করেন। পরে জামিন আবেদন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করতে প্রধান বিচারপতির কাছে মামলার নথি পাঠানো হয়। প্রধান বিচারপতি ফখরুলের জামিন আবেদন নিষ্পত্তি করার জন্য বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠান। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় মির্জা ফখরুলকে ছয় মাসের জামিন মঞ্জুর করেন। ফখরুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট মমতাজউদ্দিন ফকির। এদিকে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ১৭ এপ্রিল বিএনপি নেতা রুহুল কবির রিজভীর জামিন প্রশ্নে দ্বিধাবিভক্ত আদেশ দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি জামিন মঞ্জুর করেন। তবে কনিষ্ঠ বিচারপতি জামিন না দিয়ে কেন জামিন দেয়া হবে না মর্মে রুল জারি করেন। বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি। গতকাল ওই বেঞ্চের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী কনিষ্ঠ বিচারপতির আদেশের সঙ্গে একমত পোষণ করে রুল জারি করেন। রিজভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আদেশের পর রিজভীর অপর আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি সাংবাদিকদের বলেন, জুনিয়র বিচারপতি রুল জারি করে যে আদেশ দিয়েছিলেন তার সঙ্গে তৃতীয় বেঞ্চের বিচারপতি একমত পোষণ করে আদেশ দিয়েছেন। এখন এই রুলের ওপর শুনানি করে জামিনের বিষয়টি ফয়সালা করতে হবে।