হেফাজতে ইসলামের কর্মসূচিকে ঘিরে সারাদিন উত্তপ্ত ঢাকার অফিস আদালতেও পড়েছিল এর প্রভাব। সরকারের প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে কার্যত কাজকর্ম অচল ছিল প্রায় সারাদিন।
সকাল সাড়ে ১০টার দিকে প্রথম যখন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে হেফাজতের একটি মছিল প্রেসক্লাব হয়ে শাহবাগ গণজাগরণ মঞ্চের দিকে অগ্রসর হচ্ছিল তখন পুলিশ তাতে বাধা দেয়। আর এ বাধাকে কেন্দ্র করে পুলিশ আর হেফাজতের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ মুহুর্মুহু সাউণ্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার সেল ছুঁড়ে হেফাজতের মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ দৃশ্য দেখতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের ভবনের ছাদে, তথ্য অধিদপ্তরের জানালার পাশে শত শত কর্মকর্তা-কর্মচারী দাঁড়িয়ে যান।
দুপুর ২টার দিকে সংবাদ রটে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় দখলে নিতে চেষ্টা করছে হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকরা। পরিস্থিতি ঠেকাতে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকরা জোট বেঁধে বাধা প্রদানে লিপ্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। এ সময় শত শত কর্মকর্তা-কর্মচারী এবং সচিবালয়ে নিরাপত্তারক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বারান্দায়, ২০ তলা ভবনের ছাদে এবং প্রায় সকল মন্ত্রণালয় ও বিভাগের বরান্দায় দাঁড়িয়ে সংঘর্ষের দৃশ্য অবলোকন করেন। এর ফলে সচিবালয়ে অবস্থিত বিভিন্ন দপ্তরের কাজকর্ম বিঘ্নিত হয়।
সরজমিন ঘুরে দেখা গেছে, সচিবালয়ে অবস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনার বিষয় ছিল হেফাজত-পুলিশের সংঘর্ষ। হেফাজতের কর্মসূচিকে ঘিরে দেশ শেষ পর্যন্ত কোনদিকে যাবে তা নিয়েও ছিল উদ্বেগ-উত্কণ্ঠা।
