কক্সবাজারে ৩ বছরের শিশু অপহরণ মুক্তিপণ দাবি

আপডেট : ০৫ মে ২০১৩, ২৩:১৭
কক্সবাজারে এবার ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবিতে এক দরিদ্র শ্রমিকের ৩ বছরের শিশু সন্তানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে এক দুর্বৃত্ত শহরের উত্তর নুনিয়াচড়াস্থ ফকিরের কুয়াপাড়া থেকে শিশুটিকে অপহরণের পর তার পিতা দরিদ্র টমটম চালক আবদুস শুক্কুরের মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করেছে। আর এ মুক্তিপণের টাকা যোগাড় করতে শিশুটির দরিদ্র পিতামাতা রাস্তায় নেমেছে ভিক্ষাবৃত্তিতে। টমটম চালক আবদুস শুক্কুর জানান, মহেশখালীর মধুয়ারডেইল এলাকার শহর মুল্লুকের ছেলে ও তার পূর্ব পরিচিত টমটম চালক মোহাম্মদ হোছন শুক্রবার সকালে তার বাড়িতে আসে। কিন্তু জুমার নামাজের পর তিনি খেয়ে-দেয়ে ঘুমিয়ে পড়লে তার শিশু সন্তানকে প্রলোভন দিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায় মোহাম্মদ হোছন। পরে রাতের বেলায় তার মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।