সাভারে ধসে পড়া রানা প্লাজায় দ্বিতীয় পর্যায়ের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার তত্পরতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাশের সংখ্যা। গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত লাশের মিছিলে যোগ হয়েছে আরো ৫৪টি মৃতদেহ। এ নিয়ে দেশের ইতিহাসে ভয়াবহতম এই ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ছয়শ ছাড়িয়ে গেলো। সেনাবাহিনীর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, এ পর্যন্ত ৬১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হস্তান্তর করা হয়েছে ৪৯০ জনের মৃতদেহ। একই সাথে পরিচয় পাওয়া গেলো না শতাধিক লাশের। সেনাবাহিনীর দেয়া তথ্যের হিসেবে গতকাল রবিবার পর্যন্ত ১২০টি লাশের পরিচয় জানা বা শনাক্ত করা যায়নি। এসব লাশ ঢাকা মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়। তবে এরই মধ্যে বেওয়ারিশ লাশগুলোর ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। বর্তমানে এ দুই হাসপাতালের মর্গে ৬৫টি লাশ রয়েছে। বাকি লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ৯২টি লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেখান থেকে ২৮টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে ১৮টি লাশ। মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধারকর্মীরা পাঠিয়েছে ৪০টি লাশ। তার মধ্যে সাতটি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৪টি লাশ দাফন করা হয়েছে জুরাইন কবরস্থানে।
এদিকে গতকাল রবিবার উদ্ধার হওয়া লাশের অবস্থা ছিল আরো গলিত। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখন উদ্ধারকৃত লাশগুলোর বেশির ভাগই পচে গেছে। চেনার কোনো উপায় নেই। স্বজনরাও চিনতে পারছে না তাদের প্রিয় মানুষটিকে। ফলে লাশ শনাক্ত ও হস্তান্তর করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। যেমন শনিবার সারাদিন-রাতে ২৮ জনের লাশ উদ্ধার করা হয়। এর মাত্র ৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও বাকিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পকেটে থাকা মোবাইল ফোন এবং পরিচয়পত্র দেখে শনাক্ত করার চেষ্টা করছেন রেড ক্রিসেন্টের সদস্যরা। উদ্ধারকর্মীরা আরো জানান, যারা ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ৫/৬ দিন জীবিত ছিলেন তাদের অবস্থা কিছুটা ভালো। তাদের মৃতদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, লাশ উদ্ধারের পরপরই নিয়ে যাওয়া হচ্ছে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে কিছুক্ষণের জন্য মৃতদেহগুলো রাখা হচ্ছে স্বজনদের শনাক্তের জন্য। শনাক্ত হলে বুঝিয়ে দেয়া হচ্ছে স্বজনদের কাছে। আর শনাক্ত না হলেই পাঠিয়ে দেয়া হচ্ছে ঢাকা মেডিক্যাল ও মিটফোর্ড হাসপাতাল মর্গে। গতকাল দুপুরে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় স্কুলের মাঠে ছয়টি মৃতদেহ রাখা হয়। সেগুলো শনাক্তের চেষ্টা করেন স্বজনরা। শনাক্তকরণের পর নিশ্চিত হয়ে বিকালে এ ছয়জনের লাশ স্বজনদের কাছে দেয়া হয়। এরা হলেন:ফ্যান্টম অ্যাপারেলসের আয়রন ম্যান মালেক (আইডি ১৬২), একই কারখানার স্যুইং অপারেটর শামীমা (আইডি ১৫০), হেলপার রহিমা (কার্ড নং ৩১৯), রিতা রাণী (আইডি নম্বর ৫৪), কাটারম্যান স্বপন সরকার, স্যুইং অপারেটর ওজুফা (আইডি নম্বর ৬৭) এবং রফিক।
এদিকে ভবন ধসের ১২তম দিনেও উদ্ধার তত্পরতা গতিশীল ছিল। তবে সকালে বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য উদ্ধার কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। পরে বৃষ্টি থেমে গেলে আবারও উদ্ধার তত্পরতা শুরু হয়।
অপরদিকে এখনো সাভার অধর চন্দ স্কুল মাঠে ও ধংসস্তূপের সামনে প্রিয়জনের মৃতদেহ খুঁজে ফিরছেন স্বজনরা। রানা প্লাজার সামনে ও অধর চন্দ স্কুল মাঠে শোকাহত স্বজনরা এখনো অপেক্ষা করছেন তাদের প্রিয় মানুষটির মৃতদেহ ফিরে পাওয়ার আশায়।
ডিএনএ পরীক্ষার জন্য প্রতিদিনই অধর চন্দ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে স্বজনদের নমুনা সংগ্রহের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
