অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে দক্ষিণাঞ্চলের ১৮ রুটে অনির্দিষ্ট কালের বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল রবিবার ধর্মঘটের তৃতীয় দিনে বাস না চলায় হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন। বিভিন্ন মহাসড়কে অবৈধ ইজিবাইক, মহেন্দ্র, নছিমন, করিমন চলাচল বন্ধ ও মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধের দাবিতে যৌথভাবে এই ধর্মঘট আহবান করেছে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, রবিবারও বাগেরহাটের ওপর দিয়ে খুলনা, পিরোজপুর ও বরিশালসহ জেলার অভ্যন্তরীণ ১৮টি সড়কে চলাচলকারী সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এমনকি তিন দিনে বাগেরহাট থেকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্ল¬ার কোন পরিবহনও ছেড়ে যায়নি। বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন খান বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, মডেল থানার পক্ষ থেকে আন্দোলনরত বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, পরিবহন ধর্মঘটের কারণে সাতক্ষীরা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোন যাত্রীবাহী বাস ছেড়ে যেতে দেখা যায়নি। সাতক্ষীরার জেলা প্রশাসক ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার জানান, সাতক্ষীরায় নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।
