চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরে যাওয়ার নির্দেশ

আপডেট : ০৫ মে ২০১৩, ২৩:১৯
মহানগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ের ওপর এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ও মহানগর পুলিশ। চট্টগ্রামে টানা দু’দিনের প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দেয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ নির্দেশ দেয়া হয়। শনিবার বিকালে ঝুঁকিপূর্ণ ?পাহাড় থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লালখান বাজার, মতিঝর্ণা, টাংকির পাহাড়, আকবর শাহ, দক্ষিণ খুলশী, পশ্চিম খুলশী, ফিরোজশাহ কলোনিসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। গতকাল রবিবার স্থানীয় পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে লোকজনকে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। গতকাল দুপুরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত নগরীর মতিঝর্ণা ও আশেপাশের কয়েকটি পাহাড়ের পরিস্থিতি সরেজমিনে দেখতে যান চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান। তিনি স্থানীয় বাসিন্দাদের জরুরি ব্যবস্থা হিসেবে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করার পরামর্শ দেন। এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের এসব পাহাড়ে বসবাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। টানা কয়েকদিন ?বৃষ্টি হলে এখানে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি হতে পারে। প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এসব পাহাড়ে বসবাসকারীদের অতি দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছি। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) মো. তারেক আহম্মেদ জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনসাধারণের জান-মালের ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। তাই চট্টগ্রাম মহানগর পুলিশের উদ্যোগে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনসাধারণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য লালখান বাজার, মতিঝর্ণা, টাংকির পাহাড়, আকবর শাহ, দক্ষিণ খুলশী, পশ্চিম খুলশী, ফিরোজশাহ কলোনিসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে লোকজনকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। চট্টগ্রাম পাহাড় ব্যবস্থাপনা কমিটির তথ্য অনুযায়ী, চট্টগ্রামে মোট ১৩টি পাহাড় ঝুঁকিপূর্ণ। এর মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ পাহাড় হচ্ছে লালখান বাজারের মতিঝর্ণা পাহাড়। প্রশাসনিক নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় এ পাহাড়ে কয়েক হাজার মানুষ বিপদজনকভাবে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। ইতিপূর্বে মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসের একাধিক ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। ২০০৭ সালের জুন মাসে চট্টগ্রামের কুসুমবাগ এলাকায় পাহাড় ধসে শতাধিক মানুষ প্রাণ হারান।