অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন মুদ্রা চালুর যে প্রস্তাব করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ এমপি।
গতকাল রবিবার তিনি এক বিবৃতিতে বলেন, গত শনিবার অর্থমন্ত্রীর দেয়া এই প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী। বাংলাদেশ ও ভারত দু’টি স্বাধীন-সার্বভৌম দেশে আলাদা মুদ্রা থাকাই স্বাভাবিক। কিন্তু উভয় দেশের মধ্যে অভিন্ন মুদ্রা চালু করার যে কথা তিনি বলেছেন তার পিছনে অসত্ উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশকে ভারতের সাথে বিলীন করে এক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। অর্থমন্ত্রীর এমন বক্তব্যে আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার ভারতের তাঁবেদার। তিনি বলেন, ট্রানজিট, করিডোর, সামুদ্রিক বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেয়ার পরে এখন দু’দেশের মধ্যে অভিন্ন মুদ্রা চালু করার মাধ্যমে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। অর্থমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন তা অবিলম্বে প্রত্যাহার করার জন্য তিনি আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি
