একাত্তরের মানবতাবিরোধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল রবিবার লাঠি মিছিল করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। দুপুর ১২টার দিকে শাহবাগ থেকে লাঠি মিছিলটি শুরু হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, ফুলার রোড, মধুর ক্যান্টিন হয়ে মিছিলটি শাহবাগে আসে। সেখান থেকে রূপসী বাংলা মোড় ঘুরে আবার শাহবাগে ফিরে যায়।
পূর্ব ঘোষণা অনুযায়ী লাঠি মিছিল শেষে গণজাগরণ মঞ্চ শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করে। এ ছাড়া বিকেলে গণজাগরণ মঞ্চের উদ্যোগে প্রকাশিত পত্রিকা ‘গণজাগরণ’-এর উদ্বোধন করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। ডা. ইমরান বলেন, আজ তিন মাস হলো গণজাগরণ মঞ্চের। আমাদের এই লাঠি মিছিল বিগত দিনের ধারাবাহিক কর্মসূচিরই একটি। আমাদের এই প্রতিবাদ মানবতাবিরোধী সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিসহ ছয়-দফা দাবিতে করা আন্দোলনের অংশ।
বিকেলে হেফাজতে ইসলামের কর্মীরা গণজাগরণ মঞ্চে হামলা করবে, এ ধরনের একটি গুজব ছড়িয়ে পড়লে গণজাগরণ মঞ্চের কর্মীরা প্রস্তুত হয়ে পড়েন হেফাজতে ইসলামের কর্মীদের মোকাবেলা করতে। তবে কোন ধরনের সহিংসতা বা হামলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে শেষ হয় গণজাগরণ মঞ্চের কর্মসূচি।
