পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটের উত্তর পাড়ে পন্টুন ডুবে গিয়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল রবিবার সকালে এ অবস্থায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সারাদেশের সাথে পটুয়াখালীর সরাসরি সড়ক যোগাযোগ। চরম দুর্ভোগে পড়েছে নদীর দুই পাড়ে যাত্রীবাহী বাসসহ যানবাহনে আটকেপড়া লোকজন।
স্থানীয়রা জানায়, ফেরিঘাটের উত্তর পাড়ের পন্টুনটি দীর্ঘদিনের পুরানো এবং মরিচা ধরে তলার অংশ ফেটে পানি প্রবেশ করে। গতকাল সকাল সাতটার দিকে পন্টুনটি ডুবে গেলে ফেরিতে যানবাহন ওঠা-নামা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে। বেশি দুর্ভোগে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। পটুয়াখালীর সড়ক বিভাগের অধীন লেবুখালী ফেরির দায়িত্বরত সুপারভাইজার আবদুল কুদ্দুস জানান, পন্টুনের ভিতরে পানি প্রবেশ করে ডুবে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়।
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বলেন, ভাটায় পানি কমে যাওয়ার পর চারটি ইঞ্জিন চালিত সেচ দিয়ে পন্টুন থেকে পানি অপসারণের কাজ চলছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেরামত কাজে বিঘ্ন হচ্ছে।
