একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ৭ মে মঙ্গলবার দিন ধার্য করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল রবিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ আসামিপক্ষের প্রথম সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য দেন মুজাহিদের ছোট ছেলে আলী আহমাদ মাবরুর। তিনি দিগন্ত টেলিভিশনের নিউজ রুম এডিটর এবং সংবাদ উপস্থাপক হিসাবে কর্মরত রয়েছেন।
জবানবন্দিতে তিনি ১৯৭১ সালে ফরিদপুর ও ঢাকার মুক্তিযুদ্ধের ওপর বেশকিছু বই, মুক্তিযুদ্ধের দলিল, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনসহ কিছু নথি ট্রাইব্যুনালে উপস্থাপন করে বলেন, এসব নথির কোথাও মুক্তিযুদ্ধবিরোধী কাজে তার বাবা মুজাহিদের জড়িত থাকার কথা নেই। জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। জেরা শেষে আসামিপক্ষ ট্রাইব্যুনালকে জানায়, তাদের পক্ষে আর কেউ সাফাই সাক্ষ্য দেবেন না। পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ৭ ও ৮ মে দুইদিন সময় দেয়। আর আসামিপক্ষ ১২ মে থেকে যুক্তি উপস্থাপন শুরু করবে।
এদিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর উন্নত চিকিত্সার জন্য করা একটি আবেদন মঞ্জুর করেছে। গতকাল নিজামীর পক্ষে দুটি আবেদন করা হয়। এর মধ্যে উন্নত চিকিত্সার জন্য করা আবেদনটি মঞ্জুর করলেও আসামি পক্ষ থেকে অতিরিক্ত তথ্য-উপাত্ত জম?া দেয়ার আবেদনটি খারিজ করে দেয়া হয়।
