আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর সংলাপ প্রস্তাবে জনগণ সংঘাত থেকে মুক্তির আশায় বুক বেঁধে ছিল। কিন্তু বিরোধী দলীয় নেতা বিনা মেঘে বজ্রঘাতের মত ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিলেন সরকারকে। বিরোধী দলীয় নেতার এ আল্টিমেটাম দেশের রাজনৈতিক অঙ্গনে খাল কেটে কুমির আনার অশুভ সংকেত। গতকাল রবিবার সকালে নোয়াখালীর কবিরহাটে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, পৃথিবীতে রাজনৈতিক সংকট সমাধানের বড় অস্ত্র হচ্ছে সংলাপ। তাই আল্টিমেটাম প্রত্যাহার করে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে যে কোন এজেন্ডা নিয়ে খোলা মনে সংলাপে বসুন। আমরাও খোলা মনে আলোচনা করতে চাই।
