পাকিস্তানে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনী কার্যালয়ের কাছে গ্রেনেড হামলায় তিনজন আহত হয়েছে। গতকাল রবিবার পেশোয়ারে মারদানের ফাজালাবাদ এলাকার তাখত ভাই তেহসিলে এ হামলার ঘটনা ঘটে। আগামী শনিবার দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে পাকিস্তানি তালেবানের সঙ্গে সমঝোতার প্রস্তাব দিয়েছেন নেওয়াজ শরীফ। খবর ডন ও রয়টার্সের।
উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গেছে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে আসা কয়েকজন অপরিচিত ব্যক্তি পিটিআই-এর নির্বাচনী কার্যালয়ের কাছে গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় কার্যালয়ের ভেতরে দলের জাতীয় পরিষদের প্রার্থী রেহমানুল্লাহ বৈঠক করছিলেন। হামলায় তিনিসহ তিনজন আহত হয়েছেন। তাদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে সমপ্রতি পাকিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তান পিপলস্ পার্টি (পিপিপি), মুত্তাহিদা কাওমী মুভমেন্ট (এমকিউএম) এবং আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে। গতকাল পিটিআই-এর কার্যালয়েও হামলা চালানো হলো। এই দলগুলো পাকিস্তানে ধর্মনিরপেক্ষ দল হিসেবে পরিচিত। তালেবান ঘোষণা দিয়েছিল, তারা ধর্মনিরপেক্ষ দল এবং তাদের নেতাদের ওপর হামলা করবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে সমর্থনের বিষয়টি পাকিস্তানের পুনর্বিবেচনা করা উচিত। তিনি পাকিস্তানি তালেবানের সঙ্গে সমঝোতা করারও প্রস্তাব দেন।
