বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ‘পানি ঘোলা’ করে ‘তালেবানি মার্কা’ রাষ্ট্র কায়েম করতে চান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিএনপি দাবি পূরণে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়ার পর গতকাল রবিবার তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচন চান না, ভিন্ন কিছু করার অপচেষ্টা করছেন। তিনি গত শনিবারের সমাবেশে নির্বাচন সংলাপের পথ ছেড়ে হেফাজতের ১৩ দফা সমর্থন করলেন, যেখানে নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো ইস্যু নেই।
সংলাপের প্রস্তাব প্রত্যাহার করে খালেদা জিয়া জাতিকে ‘বিপদে ফেলছেন’ বলেও মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধের দাবি, সংলাপ প্রত্যাখ্যান, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রতি সমর্থনের মাধ্যমে খালেদা জিয়া নির্বাচন ছাড়াই বাংলাভাই বা তালেবানি বা হেফাজতি মার্কা রাষ্ট্র কায়েম করতে চান। নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দেন বিরোধী দলীয় নেত্রী।
৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাহার করে সংলাপের ডাকে সাড়া দেয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়ার উদ্দেশে তথ্যমন্ত্রী আরো বলেন, শর্ত প্রত্যাহার করলে খালেদা জিয়ার পছন্দমত জায়গায় নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিষয়ে আদালতের রায় জানার পরও খালেদা জিয়া শর্ত দিচ্ছেন মন্তব্য করে তিনি বলেন, হয় তিনি মূর্খ, না হয় জ্ঞানপাপী, বলতে বাধ্য হলাম। বিএনপির গত শনিবারের সমাবেশে যেসব দাবি তোলা হয়েছে তাতে জামায়াতে ইসলামের নাশকতামূলক কর্মকাণ্ডে সমর্থন দেয়া হয়েছে বলেও তথ্যমন্ত্রী মন্তব্য করেন।
